“শুভেন্দুও তৃণমূল হয়ে যাবেন!” সেলিমের এক মন্তব্যে রাজ্য রাজনীতিতে চরম শোরগোল

রাজ্য রাজনীতিতে দলবদল নিয়ে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মঙ্গলবার হুগলির চন্দননগরে একটি জনসংযোগ ও গণ অর্থ সংগ্রহ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি দাবি করেন, ভবিষ্যতে শুভেন্দু অধিকারীর গন্তব্য হবে তৃণমূল কংগ্রেস। সেলিমের কথায়, “পার্থ চট্টোপাধ্যায় যেমন জেল থেকে বেরিয়ে এসে আবার তৃণমূল নেতা হয়েছেন, তেমনই শুভেন্দু অধিকারীও একদিন বিজেপির খাঁচা থেকে বেরিয়ে আবার তৃণমূল নেতা হয়ে যাবেন।”

এদিন চন্দননগরের রাস্তায় নেমে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন সেলিম। তিনি শাসক ও বিরোধী উভয় পক্ষকেই আক্রমণ করে বলেন, “আমাদের কাছে চিটফান্ড বা কয়লা পাচারের কালো টাকা নেই। তাই মানুষের লড়াই লড়তে মানুষের কাছেই হাত পাততে হয়।” অন্যদিকে, নিউটাউনের হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কিছু বলেননি। তবে কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে সেলিমের সোজাসাপ্টা জবাব, “কথাবার্তা হলে তবেই তো জোট হবে, কংগ্রেস তো এখন চুপ করে আছে।”

একই দিনে কোন্নগরের নবগ্রামে জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেন তিনি। মীনাক্ষী বলেন, “বিধানসভা ফাঁকা ফেলে রেখে সাধারণ মানুষের করের টাকায় দিল্লি কেন গেলেন মুখ্যমন্ত্রী? এসআইআর রুখতে হলে তো বিধানসভাতেই বিল পাশ করানো যেত। বিজেপিকে খেলার সুযোগ করে দিয়ে উনি দিল্লিতে নাটক করছেন।” মীনাক্ষী আরও স্পষ্ট করে দেন যে, ২০২৬-এর নির্বাচনে বামফ্রন্ট ও সমমনস্ক দলগুলো নিয়েই জোট হবে এবং তাঁদের লড়াই হবে সরাসরি তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে।