গাজিয়াবাদে শিউরে ওঠা কাণ্ড: ৯ তলা থেকে ঝাঁপ ৩ বোনের, নেপথ্যে কি ভয়ঙ্কর ‘কোরিয়ান গেম’?

গাজিয়াবাদে তিন নাবালিকা বোনের মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। বুধবার গভীর রাতে গাজিয়াবাদের টিলা মোড় এলাকার ‘ভারত সিটি সোসাইটি’-র বি-১ টাওয়ারের নবম তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল তিন বোনের। মৃতদের নাম নিশিকা (১৬), প্রাচী (১৪) এবং পাখি (১২)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মারণ অনলাইন গেমের আসক্তিই কেড়ে নিল তিনটি তরতাজা প্রাণ।
ঘটনাটি ঘটে রাত ২টো নাগাদ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আত্মহত্যার আগে তিন বোন নিজেদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল। তারা ঘরের একটি চেয়ার বারান্দায় নিয়ে আসে এবং তার ওপর চড়ে একে একে নবম তলা থেকে নিচে ঝাঁপ দেয়। নিচে পড়ার প্রচণ্ড শব্দে আবাসনবাসীরা ছুটে আসেন। পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখেন ততক্ষণে সব শেষ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তাতে লেখা ছিল, “বাবা, আমাদের ক্ষমা করো। কোরিয়ান গেম আমাদের জীবন, আমরা এটা ছাড়তে পারব না। তুমি আমাদের বাঁচাতে পারবে না… আমরা সুইসাইড করছি। সরি বাবা!” এই নোট দেখে পুলিশের প্রাথমিক ধারণা, তিন বোনই কোনও এক বিপজ্জনক কোরিয়ান অনলাইন গেমের ফাঁদে পড়েছিল। মা-বাবা বারবার নিষেধ করা সত্ত্বেও তারা সেই নেশা থেকে বেরিয়ে আসতে পারেনি।
অকালে তিন সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা-মা। কান্নায় ভেঙে পড়ে মৃতদের পিতা বলেন, “কোনও বাবা-মায়ের ওপর যেন এমন শোকের পাহাড় না নামে। সন্তানদের অনলাইন গেম থেকে দূরে রাখুন।” এসিপি অতুল কুমার সিং জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মৃতদের মোবাইল ও ডিজিটাল ডিভাইসগুলি খতিয়ে দেখা হচ্ছে।