ইতিহাস গড়ছেন মমতা! দেশের প্রথম ‘সিটিং’ মুখ্যমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন দিদি!

নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত। ভারতের বিচারবিভাগীয় ইতিহাসে প্রথমবার কোনও আসীন মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করতে চলেছেন। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর (SIR) মামলার শুনানিতে উপস্থিত থেকে সরাসরি আইনি লড়াই লড়বেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অনলাইন পোর্টাল ‘বার অ্যান্ড বেঞ্চ’ মারফত জানা গিয়েছে যে, মুখ্যমন্ত্রীর নামে সুপ্রিম কোর্টের গেট পাস ইস্যু করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমাজমাধ্যমে একটি চাঞ্চল্যকর পোস্ট শেয়ার করা হয়েছে, যেখানে নীল-সাদা শাড়ির ওপর আইনজীবীর কালো কোট পরিহিত মমতার আদলে এক প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। সেখানে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘জনগণের আইনজীবী বনাম শয়তানের আইনজীবী’। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, মুখ্যমন্ত্রী এবং দলের প্রধান হিসেবে বর্তমান পরিস্থিতি এবং ভোটার তালিকার জটিলতা সম্পর্কে তাঁর চেয়ে ভালো আর কেউ আদালতকে অবহিত করতে পারবেন না।

মূলত ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন এবং উপাধি সংক্রান্ত জটিলতা নিয়ে যে বেআইনি নির্দেশিকা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধেই এই আইনি যুদ্ধ। মুখ্যমন্ত্রী আদালতে আবেদন জানিয়েছেন যাতে পুরনো ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন করা হয় এবং যাঁদের উপাধির সমস্যার জন্য শুনানিতে ডাকা হচ্ছে, তাঁদের হয়রানি না করে বিষয়টি যেন সুয়োমোটো ভিত্তিতে মিটিয়ে ফেলা হয়। মমতার এই পদক্ষেপ জাতীয় রাজনীতিতে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে।