বড় নির্দেশ দিল্লির! বঙ্গ বিজেপি সাংসদদের জরুরি তলব, বিধানসভার আগে হাইভোল্টেজ বৈঠক!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিল বিজেপি। বঙ্গের নির্বাচনী রণকৌশল ঠিক করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর তৎপরতা তুঙ্গে। হাতে সময় আর মাত্র কয়েক মাস। মাঝের এই সময়টুকুতে জনসংযোগ বাড়াতে বিজেপি সাংসদদের কড়া নির্দেশ দিলেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে বাংলার বিজেপি সাংসদদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই বৈঠকে প্রত্যেক সাংসদের পারফরম্যান্স এবং তাঁদের সংসদীয় এলাকার বিধানসভা ভিত্তিক গ্রাউন্ড রিপোর্ট খতিয়ে দেখেন নিতিন নবীন। সূত্রের খবর, বেশ কিছু ক্ষেত্রে সাংসদদের কড়া নির্দেশও দিয়েছেন তিনি। বৈঠকে সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যসহ একাধিক শীর্ষ নেতৃত্ব।
বৈঠক শেষে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা বলেন, “এটি মূলত একটি সাংগঠনিক বৈঠক ছিল। সর্বভারতীয় সভাপতির সঙ্গে আমাদের এটিই প্রথম সরাসরি কথোপকথন। তিনি আমাদের অনেক গঠনমূলক উপদেশ দিয়েছেন এবং আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন।” তিনি আরও যোগ করেন যে, বিজেপির কর্মসংস্কৃতি অন্যান্য দলের থেকে আলাদা বলেই এটি সম্ভব হয়েছে।
নিতিন নবীন সাংসদদের স্পষ্ট জানিয়েছেন, লোকসভা এবং বিধানসভা নির্বাচনের লড়াইয়ের ধরন সম্পূর্ণ আলাদা। তাই এখন থেকেই বুথ স্তর থেকে সংগঠনকে মজবুত করতে হবে। বিশেষ করে যে সব এলাকায় বিজেপির বিধায়ক নেই, সেখানে স্থানীয় সভাপতিদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর জোর দিয়েছেন তিনি। আগামী এক মাস বড় কোনো মিটিং-মিছিল না থাকলেও, জনসংযোগের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে বঙ্গ বিজেপি বিগ্রেডকে।