বাঁকুড়ার নদীতে হাড়হিম কাণ্ড! বালি খুঁড়তেই বেরোল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৩টি বিশাল জীবন্ত বোমা?

বাঁকুড়ার সোনামুখীতে বালি উত্তোলনের সময় উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত তিনটি বিশাল আকৃতির ঘাতক অস্ত্র। বুধবার সকালে সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙামাটি ফেরিঘাট এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নদীগর্ভ থেকে বালি তোলার সময় একের পর এক ধাতব শেল উঠে আসায় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা।

জানা গিয়েছে, পে-লোডার দিয়ে নদী থেকে বালি তোলার কাজ চলছিল। হঠাৎই বালিঘাটের মাটির গভীর থেকে তিনটি বিশালাকার লোহা সদৃশ বস্তু উঠে আসে। শ্রমিকরা কাছে গিয়ে দেখেন এগুলি সাধারণ কোনো লোহা নয়, বরং যুদ্ধের সময় ব্যবহৃত মর্টারের শেল। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ এবং বম্ব স্কোয়াড। বিস্ফোরণের আশঙ্কা এড়াতে উদ্ধার হওয়া শেলগুলিকে বালির বস্তা দিয়ে ঘিরে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া শেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হতে পারে। এই অঞ্চলে আগে একাধিক পরিত্যক্ত সামরিক বিমানঘাঁটি থাকায় মাটির নিচে এমন বিস্ফোরক থেকে যাওয়া অস্বাভাবিক নয়। এর আগেও দ্বারকেশ্বর বা দামোদর নদী থেকে বিচ্ছিন্নভাবে মর্টার শেল মিলেছে, কিন্তু একসঙ্গে তিনটি শেল উদ্ধারের ঘটনা বাঁকুড়ায় এই প্রথম। জেলা প্রশাসনের তরফে ইতিমত্যেই সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেনা বিশেষজ্ঞরা এলেই শেলগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হবে। আপাতত সোনামুখী পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে যাতে কৌতূহলী মানুষ কাছে গিয়ে বিপদে না পড়েন।