ফিরল দাপট! বিধানসভায় বড় দায়িত্ব পেলেন পার্থ চট্টোপাধ্যায়, কোন কোন কমিটির রাশ প্রাক্তন মন্ত্রীর হাতে?

প্রায় সাড়ে তিন বছরের দীর্ঘ কারাবাস কাটিয়ে রাজনীতিতে বড়সড় ‘প্রত্যাবর্তন’ ঘটল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে গ্রেফতার হওয়ার পর থেকে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। কিন্তু ২০২৬-এর এই ফেব্রুয়ারিতে জেলমুক্তির পরই বিধানসভায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব দেওয়া হল বেহালা পশ্চিমের বিধায়ককে।
বিধানসভা সূত্রের খবর, সাম্প্রতিক প্রশাসনিক পুনর্বিন্যাসের অঙ্গ হিসেবে পার্থ চট্টোপাধ্যায়কে একাধিক কমিটির সদস্য করা হয়েছে। তাঁকে বিধানসভার ‘লাইব্রেরি কমিটি’-র সদস্য করা হয়েছে। এর পাশাপাশি আবাসন, অগ্নিনির্বাপণ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের স্ট্যান্ডিং কমিটিতেও নাম নথিভুক্ত হয়েছে প্রাক্তন এই হেভিওয়েট মন্ত্রীর। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী কোনও মন্ত্রী বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য হতে পারেন না। বর্তমানে তিনি কোনও মন্ত্রী পদে নেই, তাই বিধায়ক হিসেবে এই দায়িত্ব গ্রহণে তাঁর কোনও আইনি বাধা নেই।
২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধারের ঘটনায় ইডির হাতে গ্রেফতার হন পার্থ। দীর্ঘ সময় জেল খাটবার পর ২০২৫ সালে মুক্তি পান তিনি। জেল থেকে ফিরেই নিজের কেন্দ্র বেহালা পশ্চিমের মানুষের কাছে খোলা চিঠি লিখে আবেগঘন বার্তা দিয়েছিলেন। এবার সরাসরি বিধানসভার কাজে যুক্ত হয়ে ফের নিজের সক্রিয় উপস্থিতির জানান দিলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, এই দায়িত্ব অর্পণ আসলে পার্থ চট্টোপাধ্যায়ের সংসদীয় রাজনীতিতে পুনরুত্থানেরই এক ইঙ্গিত।