‘যেখানে বিপ্লব যান, সেখানেই সোনা ফলে!’ বিধানসভায় শুভেন্দুদের ঘরে রুদ্ধদ্বার বৈঠকে ত্রিপুরার প্রাক্তন সিএম

মঙ্গলবার থেকে শুরু হওয়া বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনেই উত্তাপ বাড়াল বিজেপি। অধিবেশন শুরুর ঠিক আগেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের ঘরে প্রায় ৪০ মিনিটের এক দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক সারলেন রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে গেরুয়া শিবিরের এই রণকৌশল বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।
বৈঠক শেষে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান যে, এটি কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল না। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিএল সন্তোষ বিজেপি বিধায়কদের কিছু বিশেষ নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশগুলি বাস্তবায়িত করতেই বিপ্লব দেবের এই সফর। শুভেন্দু বলেন, “বিপ্লব দেবের সাংগঠনিক দক্ষতায় ত্রিপুরায় বিজেপি শূন্য থেকে ক্ষমতায় এসেছিল। তিনি যেখানেই যান সোনা ফলে। এবার তাঁর ছোঁয়ায় বাংলাতেও ৭৭ থেকে বিজেপি সরকার গড়ার পথে এগোবে।”
বিপ্লব দেব তাঁর বক্তব্যে সরাসরি নিশানা করেন শাসকদল তৃণমূলকে। তিনি বলেন, “বাংলার মানুষকে জঙ্গলরাজ থেকে মুক্তি দেওয়াই আমাদের লক্ষ্য। মোদীজির আদর্শে যুবক-যুবতীদের কর্মসংস্থান এবং মহিলাদের সুরক্ষার বিষয়টি আমরা সুনিশ্চিত করব।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালি ইস্যু—বাজেট অধিবেশনে শাসকদলকে কোন কোন অস্ত্র দিয়ে আক্রমণ করা হবে, তারই ‘ব্লু-প্রিন্ট’ আজ তৈরি হয়ে গেল এই গোপন বৈঠকে।