‘বাংলায় তৃণমূল একাই লড়বে!’ দিল্লি থেকেই জোট-জল্পনায় জল ঢেলে একলা চলার হুঙ্কার মমতার!

v
জাতীয় রাজনীতির অলিন্দে যখন জোটের সমীকরণ নিয়ে আলোচনা তুঙ্গে, ঠিক তখনই রাজধানী দিল্লি থেকে বড়সড় বোমা ফাটালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বঙ্গভবনে দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, “তৃণমূল কংগ্রেস বাংলায় একাই লড়বে।” সিইসি বৈঠক বয়কট করার পরদিন মমতার এই ‘একলা চলো’ বার্তা রাজনৈতিক মহলে নতুন আলোড়ন সৃষ্টি করেছে।
এদিন মমতার আক্রমণের মূল লক্ষ্য ছিল নির্বাচন কমিশন এবং বিজেপি শাসিত কেন্দ্র সরকার। বিশেষ করে এসআইআর (SIR) প্রক্রিয়াকে হাতিয়ার করে বাংলাকে কেন বারবার নিশানা করা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তিনি। তাঁর সঙ্গে দিল্লিতে উপস্থিত ছিলেন ৫০ জন ভোটার, যাঁরা রক্তমাংসের মানুষ হয়েও কমিশনের খাতায় ‘মৃত’। এই ‘জীবিত মৃত’দের পাশে নিয়ে মমতা বলেন, “বাংলায় ৩৩ শতাংশ সংখ্যালঘু রয়েছে। আপনারা কি চাইছেন এদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাক? আমরা সব ধর্ম, বর্ণ ও জাতির জন্য কাজ করি। আমরা লাল-বাল-পাল এবং ভগৎ সিংকে সম্মান করি। কিন্তু বিজেপি গণতান্ত্রিকভাবে লড়াই করতে না পেরে শুধু বাংলাকে টার্গেট করছে।”
গতকাল বঙ্গভবনের সামনে বিক্ষোভ এবং উত্তেজনার প্রসঙ্গ টেনেও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বঙ্গভবনের ভেতরে থাকা একটি শিশুকেও বাইরে থেকে দুধ আনতে বাধা দেওয়া হয়েছে। মমতার কথায়, “আমরা চাইলে রাজপথে নেমে প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আমরা আইন মানি।” বাংলার সংস্কৃতির উদারতা মনে করিয়ে দিয়ে তিনি স্পষ্ট করে দেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হলে তৃণমূল এক ইঞ্চি জমিও ছাড়বে না। দিল্লির বুক থেকেই এভাবেই লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।