মধ্যপ্রদেশে রণক্ষেত্র! গরু পাচারকারীদের গুলিবর্ষণ ও পাথরবৃষ্টি, জখম ২ বজরং দল কর্মী

মঙ্গলবার ভোরে মধ্যপ্রদেশের ধার জেলার রাউ-খলঘাট ফোরলেনে গো-পাচারকারীদের রুখতে গিয়ে আক্রান্ত হলেন বজরং দলের কর্মীরা। ধানি গ্রামের কাছে প্রায় ৩০টিরও বেশি গরু বোঝাই একটি মিনি ট্রাক আটক করে বজরং দলের সদস্যরা। অভিযোগ, বাধা পেয়ে পাচারকারীরা পাথর ছুড়তে শুরু করে এবং শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালায়। এই হামলায় এবং ট্রাকের ডালা খোলার সময় বজরং দলের দুই কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত মিনি ট্রাকটি (MP 41 GA 4218) নাগদার বাসিন্দা বিষ্ণু রাঠোরের। ট্রাকটি নাগদা থেকে মহারাষ্ট্রের মালেগাঁও-ধুলিয়া অভিমুখে যাচ্ছিল। ভোর ৫টা নাগাদ বজরং দলের কর্মীরা ট্রাকটি থামানোর চেষ্টা করলে চালক গাড়িটি রাস্তা থেকে নামিয়ে মাঠের দিকে নিয়ে যায়। সেখানেই শুরু হয় সংঘর্ষ। পাচারকারীরা সংখ্যায় ৩ জন ছিল। তাদের মধ্যে দুজন পালিয়ে গেলেও একজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। ধামনোদ থানার পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া গবাদি পশুদের নিরাপদ গোশালায় পাঠানো হয়েছে।