“সব প্রমাণ আছে, ডিনাই করতে পারবেন না!” ডোকলাম নিয়ে লোকসভায় বিস্ফোরক রাহুল গান্ধী, রাজনাথ-শাহের সঙ্গে ধুন্ধুমার লড়াই

লোকসভার বাজেট অধিবেশনে ডোকলাম বিতর্ক এবং প্রাক্তন সেনাপ্রধান এম.এম. নরভনের একটি অপ্রকাশিত বইয়ের প্রসঙ্গ তুলে মোদী সরকারকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার অধিবেশন শুরু হতেই রাহুল দাবি করেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে ডোকলাম ইস্যুতে সরকারের স্বচ্ছতা থাকা উচিত। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, তাঁর কাছে সব প্রমাণ আছে এবং তিনি তা সংসদের টেবিলে রাখতে প্রস্তুত।
রাহুলের এই মন্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পালটা তোপ দেগে বলেন, বাইরের কোনো অপ্রকাশিত বইয়ের রেফারেন্স দিয়ে সংসদের গরিমা নষ্ট করা নিয়মবিরুদ্ধ। সোমবারও এই একই ইস্যুতে রাহুল গান্ধীর ৪৬ মিনিটের ভাষণে ১১ বার হস্তক্ষেপ করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ৭ বার আপত্তি জানিয়েছিলেন অমিত শাহ। মঙ্গলবারও সেই রেশ বজায় ছিল। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে মাত্র ১২ মিনিটের মাথায় দুপুর ২টো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এমনকি অধিবেশনে ‘ইয়ার’ (Yaar) জাতীয় শব্দের ব্যবহার নিয়েও কড়া আপত্তি জানান কক্ষের সভাপতি।