পুরানো প্রেম বনাম নতুন আসক্তি! ১২ বছরের সম্পর্ক মেটাতে প্রেমিকাকে নিয়ে এ কী করল যুবক? হাড়হিম করা ঘটনা

উত্তরপ্রদেশের মুজাফফরনগরের সরওয়াত নালা থেকে উদ্ধার হওয়া যুবকের বস্তাবন্দি লাশের রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সমাধান করল পুলিশ। এই হত্যাকাণ্ডের নেপথ্যে উঠে এসেছে এক দীর্ঘ ১২ বছরের পরকীয়া এবং এক ভয়ংকর ত্রিকোণ প্রেমের কাহিনী। তদন্তে জানা গেছে, ৩২ বছর বয়সী জীবন কশ্যপকে খুনের পরিকল্পনা করেছিল তাঁর দীর্ঘদিনের প্রেমিকা সোনিয়া কশ্যপ এবং তার বর্তমান প্রেমিক সাদিক।

পুলিশ জানিয়েছে, সোনিয়ার স্বামী মারা যাওয়ার পর জীবন ও সোনিয়ার দীর্ঘ ১২ বছরের সম্পর্ক আরও গভীর হয়। কিন্তু সম্প্রতি সোনিয়ার জীবনে সাদিক নামের এক যুবকের প্রবেশ ঘটে। জীবন এই নতুন সম্পর্কের বিরোধিতা করায় সোনিয়া ও সাদিক মিলে তাঁকে সরিয়ে দেওয়ার ছক কষে। পরিকল্পনা মাফিক, সোনিয়া জীবনকে নিজের ঘরে ডেকে আনে। সেখানে ওত পেতে থাকা সাদিক দড়ি দিয়ে জীবনের গলা টিপে ধরে এবং সোনিয়া তাঁর পা চেপে ধরে। শ্বাসরুদ্ধ হয়ে জীবনের মৃত্যু হলে, দুজনে মিলে দেহটি বস্তাবন্দি করে নালায় ফেলে দিয়ে আসে। ধৃতদের কাছ থেকে খুনে ব্যবহৃত দড়ি উদ্ধার করা হয়েছে এবং দ্রুত রহস্যভেদের জন্য পুলিশ টিমকে পুরস্কৃত করার কথা ঘোষণা করেছেন এসএসপি সঞ্জয় কুমার বর্মা।