“ছেড়ে দেব না!” কেন্দ্রকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের, এবার কি বড় কোনো পদক্ষেপ?

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) ৪৭তম ঝাড়খণ্ড দিবস উপলক্ষে দুমকার ঐতিহাসিক গান্ধী ময়দানে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে কার্যত তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাজ্যের বকেয়া অধিকার এবং সাংবিধানিক মর্যাদা রক্ষার লড়াইয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিন অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে সোরেন অভিযোগ করেন যে, কেন্দ্রীয় সরকার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে অপব্যবহার করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে।
এদিন মঞ্চে বেশ আবেগপ্রবণ দেখায় মুখ্যমন্ত্রীকে। সাঁওতালি ভাষায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার ভাবছে আমাদের পকেটে রাখা যাবে। তারা ভোট চুরি করে গণতন্ত্রের সাথে খেলা করছে। আমরা হয়তো অর্থনৈতিক বা বৌদ্ধিক দিক থেকে পিছিয়ে থাকতে পারি, কিন্তু আমরা মূর্খ নই। আমাদের বিরুদ্ধে যে রাজনৈতিক ষড়যন্ত্র এবং চক্রব্যূহ রচনা করা হচ্ছে, তা আমরা খুব ভালো করেই বুঝি এবং সময়মতো তার দাঁতভাঙা জবাব দিতেও জানি।”
বাবার স্মৃতিচারণ করতে গিয়ে হেমন্ত বলেন, “দিসম গুরু শিবু সোরেন অনেক কষ্টের বিনিময়ে এই রাজ্যকে আলাদা করেছেন। আজ তিনি সশরীরে আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁর আদর্শ ও লড়াইয়ের পথ আমাদের পাথেয়। ঝাড়খণ্ডের মানুষের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।” এছাড়াও তিনি রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে বলেন, শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলাই হবে সমাজের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী হাফিজুল হাসান আনসারি এবং সাংসদ বিজয় হাঁসদা ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ায় নাম বাদ দেওয়া নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেন এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন।