অরিজিতের অবসর ভাঙাতে জিয়াগঞ্জে আমির! সারা রাত স্টুডিওতে কী করলেন দুই মহাতারকা? ফাঁস গোপন তথ্য

বলিউড ও টলিউডের সবথেকে বড় খবর এখন মুর্শিদাবাদের জিয়াগঞ্জকে ঘিরে। গত সপ্তাহেই সোশ্যাল মিডিয়ায় প্লে-ব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়ে অনুরাগী মহলে ভূমিকম্প ঘটিয়ে দিয়েছিলেন অরিজিৎ সিং। আর সেই অভিমান বা ‘মান’ ভাঙাতেই কি খোদ বলিউড সুপারস্টার আমির খান জিয়াগঞ্জে হাজির হলেন? অরিজিৎ ও আমিরের এই গোপন সাক্ষাৎ নিয়ে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।

সূত্রের খবর, আমির খান ও অরিজিৎ সিংয়ের এই সাক্ষাৎ মোটেও নিছক সৌজন্য বিনিময় ছিল না। সোমবার রাতভর ঘুমোতে দেখা যায়নি কাউকেই। অরিজিতের বাড়ির স্টুডিওতে চলেছে ম্যারাথন মিউজিক সেশন। শোনা যাচ্ছে, আমিরের আগামী ছবির সঙ্গীত পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে নিচ্ছেন অরিজিৎ নিজে। সেই ছবির সুর বাঁধতেই মুম্বই থেকে সোজা মুর্শিদাবাদ উড়ে এসেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

জিয়াগঞ্জে আমিরের ‘ঘরের ছেলে’ রূপ: বলিউডের মেগাস্টার হয়েও আমির খানকে দেখা গেল এক্কেবারে পাশের বাড়ির ছেলের মতো। অরিজিতের বাড়ির ছাদে উঠে স্থানীয়দের মতো ঘুড়ি ওড়ালেন তিনি। দুই তারকার সেই ঘুড়ি ওড়ানোর দৃশ্য এখন নেটদুনিয়ায় ভাইরাল। শুধু বিনোদন নয়, ভোজের আয়োজনও ছিল রাজকীয়। অরিজিতের নিজস্ব রেস্তোরাঁ থেকেই এসেছিল দুপুরের খাবার। মেনুতে ছিল সাদা ভাত, বাটার নান, চিকেন ও মটন কষা, মিক্সড ভেজ এবং পনির বাটার মশালা। শেষপাতে মিষ্টিমুখও করেন আমির।

কেন হঠাৎ এই সফর? অরিজিতের অবসরের সিদ্ধান্তের পেছনে বলিউডের লবি রাজনীতি না কি অন্য কোনো কারণ— তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই আমিরের এই আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। আমিরের ছবিতে অরিজিতের গাওয়া ‘তেরে হাওয়ালে’ আজও মানুষের মুখে মুখে ঘোরে। ওয়াকিবহাল মহলের ধারণা, অরিজিতের মতো বিরল প্রতিভাকে পুনরায় রেকর্ডিং স্টুডিওতে ফিরিয়ে আনতেই এই ঝটিকা সফর আমিরের।

দাবার প্রতি ভালোবাসা আর প্রচারবিমুখ মানসিকতা দুই তারকাকেই কাছাকাছি এনেছে। এখন প্রশ্ন একটাই— খোদ আমির খানের অনুরোধ কি ফেরাতে পারবেন জিয়াগঞ্জের ভূমিপুত্র? না কি এই সাক্ষাতের পর ভক্তদের জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো মিউজিক্যাল ধামাকা? উত্তর পেতে আপাতত চাতক পাখির মতো চেয়ে আছেন দুই তারকার লক্ষ লক্ষ অনুরাগী।