বাতিল হচ্ছে ১০ টাকার নোট? বাজারে ছেঁড়া-ফাঁটা নোটের দাপটে নাজেহাল সাধারণ মানুষ, কী বলছে RBI?

অটো থেকে টোটো, বাজার থেকে চায়ের দোকান— বর্তমানে সবখানেই এক আলোচনার কেন্দ্রবিন্দু, ১০ টাকার নোট কি বাতিল হতে চলেছে? বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া এবং লোকমুখে এই প্রশ্ন ঘোরাঘুরি করছে। বিশেষ করে বাজারে ছেঁড়া, পোড়া বা আঠা দিয়ে জোড়া লাগানো ১০ টাকার নোটের আধিক্য দেখে সাধারণ মানুষের মনে দানা বাঁধছে আশঙ্কা। তবে এই খবরের সত্যতা ঠিক কতটা?

খুচরো আকাল ও নিত্যযাত্রীদের ভোগান্তি: দমদম স্টেশন থেকে নাগেরবাজার রুটের অটো হোক বা শহরতলির টোটো— খুচরো নিয়ে প্রতিদিন চরম অশান্তি লেগেই রয়েছে। যাত্রীদের অভিযোগ, খুচরো চাইলে এমন সব ১০ টাকার নোট ধরিয়ে দেওয়া হচ্ছে যা প্রায় ব্যবহারের অযোগ্য। কোনোটি মাঝখান থেকে ছেঁড়া, কোনোটি আবার বারবার টেপ দিয়ে জোড়া লাগানো। প্রতিবাদ করলেই অটোচালকদের সাফ জবাব, “বাজারে খুচরো নেই, নিলে এটাই নিতে হবে।”

অটোচালকদের দাবি: অন্যদিকে অটোচালকরাও নিজেদের অসহায়তার কথা জানিয়েছেন। তাঁদের দাবি, অধিকাংশ যাত্রীই ১০ টাকার ভাড়ার বদলে ১০০ টাকার নোট ধরিয়ে দেন। সারাদিন কাজ করে খুচরো পাওয়া তাঁদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। ফলে যাত্রীরা যে নোট দিচ্ছেন, তাঁরাও সেই নোটই ঘুরিয়ে ফেরত দিচ্ছেন।

আসল সত্য কী? ১০ টাকার নোট বাতিল হওয়া নিয়ে যে রব উঠেছে, তার সপক্ষে এখনো পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। অর্থাৎ, ১০ টাকার পুরনো বা নতুন কোনো নোটই বাতিল হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, ইউপিআই (UPI) পেমেন্টের রমরমা বাড়লেও গ্রামীণ বা শহরতলির পরিবহণে এখনো নগদের গুরুত্ব অপরিসীম। তাই গুজবে কান না দিয়ে ছেঁড়া নোটের ক্ষেত্রে ব্যাঙ্কের মাধ্যমে তা বদলে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।