ভারত-মার্কিন ডিল: মোদীর দুই ‘নবরত্ন’ জয়শঙ্কর-গোয়েলকে টক্কর দিলেন ট্রাম্পের কোন সেনাপতি?

ভারত ও আমেরিকার মধ্যে ঝুলে থাকা দীর্ঘদিনের বাণিজ্য জট অবশেষে কেটেছে। ভারতের ওপর থেকে শুল্ক ৫০ শতাংশ কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে এনেছে ওয়াশিংটন। এই ঐতিহাসিক চুক্তির নেপথ্যে ভারতের পক্ষে ‘ব্যাট’ করছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। কিন্তু প্রশ্ন উঠছে, আমেরিকার পক্ষে এই কঠিন পিচে ভারতকে পাল্লা দিলেন কে?

সূত্রের খবর, এই চুক্তির নেপথ্যে সবথেকে বড় কারিগর হলেন ভারতে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর (Sergio Gor)। মাত্র ৩৮ বছর বয়সী সার্জিওকে ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তাঁর বিশ্বস্ত ‘দূত’ হিসেবে বিবেচনা করা হয়। মজার বিষয় হলো, পর্দার আড়ালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সক্রিয়তা থাকলেও, দিল্লির অলিন্দে আলোচনার টেবিলে জয়শঙ্কর-গোয়েল জুটির সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছেন সার্জিও।

কে এই সার্জিও গোর? উজবেকিস্তানের তাশখন্দে জন্ম নেওয়া সার্জিও গোর মাল্টায় প্রাথমিক জীবন কাটিয়ে আমেরিকায় পাড়ি দেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি রিপাবলিকান পার্টির নীতি নির্ধারকদের একজন হয়ে ওঠেন। ২০২৫ সালে ট্রাম্প তাঁকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি মোদী ও ট্রাম্পের ব্যক্তিগত বন্ধুত্বের ওপর জোর দিয়েছেন। এই চুক্তির পর সার্জিও গোর জানিয়েছেন, ভারত-মার্কিন সম্পর্কের সম্ভাবনা এখন ‘অসীম’। কূটনীতিবিদদের মতে, সার্জিওর মতো ট্রাম্প-ঘনিষ্ঠ কেউ দিল্লিতে থাকায় এই অসম্ভব চুক্তিটি বাস্তবে রূপ পেল।