ট্রাম্পের চালে ধোঁয়াশা! ১৮% শুল্ক কমলেও ভারত-মার্কিন ডিলের নেপথ্যে কি লুকিয়ে বড় শর্ত?

ভারত ও আমেরিকার মধ্যে দীর্ঘ বাণিজ্যিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে ১৮ শতাংশ শুল্ক হ্রাসের ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই আনন্দের আবহেও চুক্তির বেশ কিছু দিক নিয়ে বাড়ছে ধোঁয়াশা। ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ জানিয়েছেন যে, ভারত এখন থেকে আমেরিকান পণ্যের ওপর ‘শূণ্য শতাংশ’ (Zero) ট্যারিফ বসাবে। ভারতের মতো একটি দেশ, যারা নিজেদের কৃষি ও দুগ্ধ শিল্প রক্ষায় বরাবরই কঠোর অবস্থান নেয়, তারা আদৌ সব পণ্যে শুল্ক তুলে দেবে কি না— তা নিয়ে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা।

ট্রাম্পের আরও একটি বড় দাবি হলো, ভারত আমেরিকার কাছ থেকে প্রযুক্তি, জ্বালানি ও কৃষি পণ্য মিলিয়ে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের সামগ্রী ক্রয় করবে। বর্তমানে ভারতের মার্কিন আমদানির পরিমাণ ৫০ বিলিয়ন ডলারের নিচে। ফলে এই বিশাল অঙ্কের কেনাকাটা কি কেবলই একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য, না কি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বাধ্যবাধকতা? অন্যদিকে, রাশিয়া থেকে তেল কেনা বন্ধের বিষয়ে ট্রাম্পের দাবি ভারত সরকারিভাবে নিশ্চিত করেনি।

বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী মোদী আন্তর্জাতিক মঞ্চে ভারতের স্বভিমান বজায় রেখেছেন ঠিকই, কিন্তু ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি ভারতকে ভবিষ্যতে কোনো চাপের মুখে ফেলে কি না, তা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। যতক্ষণ না দুই দেশের পক্ষ থেকে যৌথ লিখিত বিবৃতি প্রকাশ পাচ্ছে, ততক্ষণ এই উচ্ছ্বাসে কিছুটা রাশ টানা প্রয়োজন বলেই মনে করছেন কূটনীতিকরা।