‘পাল্টি খাওয়া ওদের অভ্যাস!’ ভারত ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তানকে ধুয়ে দিলেন সানি গাভাসকার

আসন্ন ২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে নাটকের শেষ নেই। পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ঘোষণা আসতেই এবার পালটা তোপ দাগলেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাসকার। পাক ক্রিকেটের এই ‘বয়কট ড্রামা’-কে কার্যত পাত্তাই দিচ্ছেন না লিটল মাস্টার। তাঁর মতে, অবসরের সিদ্ধান্ত থেকে যেমন পাকিস্তানি ক্রিকেটাররা বারবার ফিরে আসেন, ঠিক তেমনি এই বয়কট থেকেও খুব শীঘ্রই তারা ‘ইউ-টার্ন’ নেবে।
গাভাসকারের কড়া প্রতিক্রিয়া: একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে গাভাসকার বলেন, “পাকিস্তানি ক্রিকেটারদের অভ্যাস হলো অবসরের চারদিনের মাথায় সিদ্ধান্ত বদলে ফিরে আসা। এখন বয়কট নিয়ে হুঙ্কার দিলেও, বিশ্বের বিভিন্ন দেশ যখন প্রতিক্রিয়া দেওয়া শুরু করবে এবং চাপের মুখে পড়বে, তখন এই সিদ্ধান্তও বদলে যাবে।” তিনি আরও যোগ করেন, ১৫ ফেব্রুয়ারির ম্যাচের আগেই পাকিস্তান তাদের অবস্থান পরিবর্তন করলে অবাক হওয়ার কিছু নেই। কারণ, সে দেশের ভক্তরাই হয়তো এই বয়কটের বিরুদ্ধে পথে নামবেন।
মাঠে না নামলে কী হবে? আইসিসি-র প্রোটোকল অনুযায়ী, টিম ইন্ডিয়া ইতিমধ্যেই শ্রীলঙ্কায় পৌঁছে গেছে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টস করতে নামবেন আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। যদি নির্দিষ্ট সময়ে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘা মাঠে উপস্থিত না হন, তবে নিয়ম অনুযায়ী ভারতকে সরাসরি জয়ী ঘোষণা করে দুই পয়েন্ট দিয়ে দেওয়া হবে।
বিপাকে পিসিবি: ইতিমধ্যেই আইসিসি এই ‘সিলেক্টিভ পার্টিসিপেশন’ বা বেছে বেছে ম্যাচ খেলার সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তান সরকার বয়কটের কথা বললেও, পিসিবি এখনও আইসিসি-কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সূত্রের খবর, বড়সড় আর্থিক জরিমানার পাশাপাশি পাকিস্তানের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কেটে নেওয়ার হুমকিও রয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এখন কোন দিকে পা বাড়ান, তার ওপরই নির্ভর করছে ক্রিকেটের এই ‘মাদার অফ অল ব্যাটেল’-এর ভবিষ্যৎ।