নত হলেন ট্রাম্প! মোদীর কূটনীতিতে ফিকে ‘ট্যারিফ ওয়ার’, শুল্ক কমিয়ে ১৮% করল আমেরিকা!

দীর্ঘ টালবাহানা আর পাল্টাপাল্টি হুঁশিয়ারির অবসান ঘটিয়ে অবশেষে সঠিক পথে ফিরল ভারত-মার্কিন সম্পর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুতীক্ষ্ণ বিদেশনীতির কাছে কার্যত নতিস্বীকার করতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ওপর আরোপিত আকাশছোঁয়া শুল্ক কমিয়ে ১৮ শতাংশে নিয়ে আসার ঘোষণা করেছে ওয়াশিংটন। এই পদক্ষেপকে ১৪০ কোটি ভারতবাসীর বড় জয় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের এই ‘ইউ-টার্ন’ প্রমাণ করে দিল যে, ভারতের মতো বিশাল বাজারকে উপেক্ষা করা আমেরিকার পক্ষে অসম্ভব।
২০২৫ সালের শুরু থেকে এই বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে দড়ি টানাটানি চলছিল। একসময় রাশিয়ার থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসেবে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ পর্যন্ত করে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু মোদী সরকার নিজের অবস্থানে অনড় থেকে আলোচনা চালিয়ে যায়। ফেব্রুয়ারী মাসটি এই চুক্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ বলে প্রমাণিত হয়েছে। গত বছর এই ফেব্রুয়ারিতেই দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছিল, আর এ বছর সেই লক্ষ্যপূরণের পথে বড় বাধা দূর হলো।
বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে মোট ৬ দফার ম্যারাথন বৈঠকের পর এই সাফল্য এসেছে। সোমবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে টেলিফোন কথোপকথনের পর ট্রাম্প নিজেই এই ঐতিহাসিক চুক্তির কথা ঘোষণা করেন। এর ফলে ভারতীয় রপ্তানিকারকদের দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর হলো এবং দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাল।