আয়নার সামনে দাঁড়িয়ে একি করল বিশালাকায় কেউটে! ‘নাগিন ড্যান্স’ দেখে থ নেটিজেনরা!

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই সাপের বিচিত্র সব কাণ্ডকারখানা ভাইরাল হয়, কিন্তু এবারের দৃশ্যটি একেবারেই বিরল। সিনেমায় বড় তারকাদের আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দিতে বা সাজগোজ করতে দেখা যায়, কিন্তু এবার সেই ভূমিকায় অবতীর্ণ হলো একটি বিশালাকায় কালো সাপ! আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরই প্রতিবিম্ব দেখে সাপটির অদ্ভুত প্রতিক্রিয়ার একটি ভিডিও এখন ইন্টারনেটে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।

মহারাষ্ট্রের কল্যাণের জনপ্রিয় সর্প বিশেষজ্ঞ রাজ গাইকার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে (@snakefriend_raj) এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাড়ির ভেতরে রাখা বড় আয়নার সামনে ধীরস্থিরভাবে বসে আছে একটি কুচকুচে কালো সাপ। প্রথমে শান্ত থাকলেও, হঠাৎই সেটি বাতাসে ছন্দময় ভঙ্গিতে দুলতে শুরু করে, যা দেখে মনে হতে পারে সাপটি বোধহয় নৃত্য পরিবেশন করছে। ইতিমধ্যেই ভিডিওটি ১.৭ মিলিয়নের বেশি ভিউ এবং প্রায় ৫৯ হাজার লাইক কুড়িয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো নাচ নয়। আসলে সাপটি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সেটিকে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী সাপ ভেবে বসেছিল। নিজের এলাকা দখলমুক্ত রাখতে সাপটি আয়নার দিকে ফণা তুলে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যাচ্ছিল এবং জিভ বের করে সতর্ক করছিল। মজার বিষয় হলো, আয়নার ওপার থেকেও ঠিক একই প্রতিক্রিয়া আসায় সাপটি বিভ্রান্ত হয়ে বারবার পিছু হটছিল। এই দৃশ্য দেখে নেটিজেনরা মজাদার সব মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “সাপটি বোধহয় ভাবছে— আমি এত সুন্দর কেন?” আবার কেউ রসিকতা করে বলেছেন, “সাপটি সম্ভবত তার হারিয়ে যাওয়া যমজ ভাইকে খুঁজছে!”