গুগল ট্রান্সলেটের দিন শেষ? এবার চ্যাটজিপিটির বড় ধামাকা, এক ঘোষণাতেই কাঁপছে টেক দুনিয়া!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দুনিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে এবার সরাসরি গুগলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল স্যাম অল্টম্যানের সংস্থা ওপেনএআই (OpenAI)। লক্ষ্য একটাই— গুগল ট্রান্সলেটরকে সরিয়ে অনুবাদের সেরা ঠিকানা হয়ে ওঠা। আর সেই লক্ষ্যেই এবার ‘চ্যাটজিপিটি ট্রান্সলেট’ (ChatGPT Translate) নিয়ে বড়সড় বিবৃতি দিল এই সংস্থা। বিশেষজ্ঞদের মতে, অনুবাদের অভিজ্ঞতায় বিপ্লব ঘটাতেই কোমর বেঁধে নেমেছে চ্যাটজিপিটি।
কি থাকছে এই নতুন ট্রান্সলেশন টুলে? এতদিন চ্যাটজিপিটি দিয়ে অনুবাদ করা গেলেও, এবার তাকে একটি স্বতন্ত্র এবং শক্তিশালী টুল হিসেবে গড়ে তুলছে ওপেনএআই। সংস্থাটি জানিয়েছে, চ্যাটজিপিটি কেবল শব্দান্তর নয়, বরং বাক্যের সঠিক ভাব ও সংশ্লিষ্ট দেশের সাংস্কৃতিক সূক্ষ্মতা বজায় রেখে অনুবাদ করতে পারদর্শী। বর্তমানে চ্যাটজিপিটি ৪৭টিরও বেশি ভাষায় স্বচ্ছন্দ এবং ৪০টির বেশি ভাষায় অত্যন্ত নির্ভুলভাবে অনুবাদ করতে পারে। গুগল ট্রান্সলেটর যেখানে ২৪৯টি ভাষা নিয়ে কাজ করে, সেখানে চ্যাটজিপিটির লক্ষ্য হলো ভাষার সংখ্যার চেয়ে অনুবাদের ‘মান’ বা কোয়ালিটির দিকে বেশি জোর দেওয়া।
গুগল বনাম চ্যাটজিপিটি: লড়াই এবার তুঙ্গে ওপেনএআই-এর এই ঘোষণার পর থেকেই প্রযুক্তি মহলে শোরগোল পড়ে গেছে। নাম না নিলেও ওপেনএআই বুঝিয়ে দিয়েছে যে, অনুবাদ পরিষেবায় তারা গুগলকে এক ইঞ্চি জমিও ছাড়বে না। স্যাম অল্টম্যান আগেই জানিয়েছিলেন, তাঁদের লক্ষ্য হলো ‘সুপার ইন্টেলিজেন্স’। নভেম্বর মাসে তিনি লিখেছিলেন, “আমরা দুর্দান্ত মডেল তৈরি করে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চাই।”
বিশেষজ্ঞরা মনে করছেন, চ্যাটজিপিটি ট্রান্সলেট আসার ফলে ব্যবহারকারীরা আরও স্বাভাবিক এবং মানুষের মতো অনুবাদ পাওয়ার সুবিধা পাবেন। যা গুগলের যান্ত্রিক অনুবাদের তুলনায় অনেক বেশি কার্যকর হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে বিশ্বের টেক প্রেমীরা।