সরকারকে কেন ‘তারা’ বললেন? সোনম ওয়াংচুকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রের!

সমাজকর্মী সোনম ওয়াংচুক বর্তমানে যোধপুর জেলে বন্দী, এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভারতীয় রাজনীতির আঙিনায় তোলপাড় সৃষ্টি করেছে। সোমবার সুপ্রিম কোর্টে ওয়াংচুকের এনএসএ (NSA) আটকের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার অত্যন্ত কড়া অবস্থান গ্রহণ করে। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, ওয়াংচুক সরকারকে “তারা” (They) বলে সম্বোধন করেছেন, যা বিচ্ছিন্নতাবাদী মানসিকতার পরিচয়। সরকারের মতে, গণতান্ত্রিক কাঠামোয় “তারা” বলে কিছু নেই, এটি “আমাদের” সরকার।

কেন্দ্রীয় সরকার ও লাদাখ প্রশাসনের দাবি, ওয়াংচুক লাদাখে নেপাল বা বাংলাদেশের মতো অস্থিরতা এবং সহিংসতা ছড়িয়ে দিতে চাইছেন। সলিসিটর জেনারেলের যুক্তি, ওয়াংচুক তরুণ প্রজন্ম বা ‘জেন-জেড’-কে উস্কানি দিচ্ছেন এবং আরব বসন্তের মতো রক্তক্ষয়ী বিপ্লবের স্বপ্ন দেখাচ্ছেন। এমনকি তিনি আত্মদহনের মতো চরম পথ বেছে নেওয়ার হুমকি দিয়ে বিষয়টিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে।

শুনানির সময় তুষার মেহতা আরও বলেন যে, ওয়াংচুক তাঁর উস্কানিমূলক বক্তৃতায় মহাত্মা গান্ধীর নাম কেবল ঢাল হিসেবে ব্যবহার করেন। বাস্তবে তিনি লাদাখে গণভোটের দাবি তুলেছেন এবং সেনাবাহিনীর রসদ সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন। উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে লাদাখের পূর্ণ রাজ্যত্ব ও ষষ্ঠ তফসিলের দাবিতে আন্দোলন করার সময় তাঁকে আটক করা হয়েছিল। আদালত বর্তমানে উভয় পক্ষের যুক্তি খতিয়ে দেখছে।