প্রেমিকাকে দামি গিফট দেওয়ার নেশা! প্রতিবেশীর ফ্ল্যাটে ২৬ লক্ষ টাকার সিঁদ কেটে শ্রীঘরে কলেজ পড়ুয়া

প্রেমিকাকে খুশি করতে উপহার দেওয়ার ইচ্ছা থাকে অনেকেরই। কিন্তু সেই উপহার জোগাড় করতে গিয়ে কেউ নিজের আবাসনেই দুর্ধর্ষ চুরি করতে পারে, তা হয়তো ভাবেননি সরশুনার বাসিন্দারা। প্রতিবেশীর ফ্ল্যাট থেকে ২৬ লক্ষ টাকা ও বিপুল সোনার গয়না চুরির অভিযোগে গ্রেফতার করা হলো হর্ষবর্ধন সাউ নামে এক কলেজ ছাত্রকে।
ঘটনার প্রেক্ষাপট: সরশুনা থানা এলাকার একটি অভিজাত আবাসনের টাওয়ার থ্রি-র বাসিন্দা রানি শুক্লা গত জানুয়ারি মাসে থানায় অভিযোগ করেন যে, তাঁদের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও গয়না চুরি হয়েছে। ১৯ থেকে ২৩ জানুয়ারির মধ্যে তাঁরা যখন বাড়িতে ছিলেন না, সেই সুযোগেই চলে অপারেশন।
তদন্ত ও গ্রেফতারি: পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং স্থানীয় সোর্স মারফত জানতে পারে, ওই ফ্ল্যাটে হর্ষবর্ধনের যাতায়াত ছিল। ১ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করার পর পুলিশি জেরায় ভেঙে পড়ে সে। হর্ষবর্ধন জানায়, উপার্জন না থাকলেও বান্ধবীর দামি উপহারের আবদার মেটাতেই সে এই চুরির পথ বেছে নিয়েছিল। তালা ভেঙে সে প্রতিবেশী রানি শুক্লার সর্বস্ব লুঠ করে।
আদালতের নির্দেশ: পুলিশ হর্ষবর্ধনকে আদালতে পেশ করলে বিচারক তাকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই চুরির পেছনে তার বান্ধবীর কোনো যোগসাজশ আছে কি না, তাও খতিয়ে দেখছে সরশুনা থানার পুলিশ।