শিলিগুড়ি থেকে বারাণসী মাত্র ৩ ঘণ্টায়! কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য ‘বুলেট’ উপহার রেলমন্ত্রীর

বন্দে ভারত স্লিপারের রেশ কাটতে না কাটতেই উত্তরবঙ্গের জন্য বড় চমক দিল কেন্দ্রীয় সরকার। এবার শিলিগুড়ি থেকে বারাণসী এবং সরাসরি দিল্লি পর্যন্ত ছুটবে দেশের প্রথম সারির বুলেট ট্রেন। মঙ্গলবার রেল বাজেটের পরবর্তী বৈঠকে এই মেগা প্রকল্পের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
বুলেট ট্রেনের রুট ও গতিবেগ: রেলমন্ত্রী জানিয়েছেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হাই-স্পিড রেল করিডোরটি তৈরি হবে বারাণসী-পাটনা-শিলিগুড়ি রুটে। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৩২০ কিলোমিটার। এর ফলে শিলিগুড়ি থেকে বারাণসী পৌঁছানো যাবে মাত্র ৩ ঘণ্টারও কম সময়ে। বর্তমানে এই পথ অতিক্রম করতে দীর্ঘ সময় ব্যয় করতে হয় যাত্রীদের।
শিলিগুড়ি থেকে দিল্লি ৬ ঘণ্টায়: শিলিগুড়ি-বারাণসী করিডোরটি বারাণসী-দিল্লি হাই-স্পিড করিডোরের সঙ্গে যুক্ত করা হবে। ফলে শিলিগুড়ি থেকে সরাসরি দিল্লি যাওয়ার পথ আরও সংক্ষিপ্ত হবে। যেখানে বর্তমানে ট্রেনযাত্রায় প্রায় ১৮-২০ ঘণ্টা সময় লাগে, বুলেট ট্রেন চালু হলে তা কমে দাঁড়াবে মাত্র ৬ থেকে ৭ ঘণ্টায়।
মাটির তলা দিয়ে সুড়ঙ্গ পথ: এই প্রকল্পের আরও একটি বড় চমক হলো সুড়ঙ্গ পথ। রেলমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, মেট্রোর ধাঁচে এই বুলেট ট্রেনের করিডোর কিছু কিছু জায়গায় মাটির তলা দিয়ে নিয়ে যাওয়া হবে। যদিও কোন কোন স্টেশনে এই আন্ডারগ্রাউন্ড রুট থাকবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এই হাই-স্পিড করিডোর ভবিষ্যতে শিলিগুড়ি থেকে বাড়িয়ে গুয়াহাটি পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে রেলের।