“আমার নাম মোহাম্মদ দীপক, তাতে তোমার কী?” কোটদ্বারে ‘বাবা’ স্কুল ড্রেস বিতর্কে বিস্ফোরক জিম ট্রেনার

উত্তরাখণ্ডের পৌরি গাড়োয়ালের কোটদ্বারে একটি স্কুল ড্রেসের দোকানের নাম নিয়ে শুরু হওয়া বিতর্কে এবার মুখ খুললেন জিম প্রশিক্ষক মোহাম্মদ দীপক। গত ২৬শে জানুয়ারি ‘বাবা স্কুল ড্রেস’ নামক একটি দোকানের নাম নিয়ে বজরং দলের সদস্যদের সঙ্গে যে বচসা শুরু হয়েছিল, তা এখন আদালতের দোরগোড়ায়। দীপকের দাবি, ঝামেলার সূত্রপাত তাঁর পক্ষ থেকে হয়নি, বরং বজরং দলের সদস্যরাই উস্কানিমূলক আচরণ করেছিলেন।
‘বাবা’ শব্দ নিয়ে আপত্তির পাহাড় দীপক জানান, ২৬শে জানুয়ারি বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় বজরং দলের কয়েকজন সদস্য এসে দোকানের মালিকের সঙ্গে অভদ্র আচরণ শুরু করেন। তাঁদের দাবি ছিল, ‘বাবা’ শব্দটি কেবল তাঁদের ধর্মের ‘সিদ্ধাবলি বাবা’-র ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কেউ এই নাম ব্যবহার করতে পারবে না। দোকানের মালিক মুসলিম হওয়ায় বিষয়টিকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। দীপক প্রতিবাদ জানিয়ে বলেন, “আমার নাম মোহাম্মদ দীপক, এতে তোমাদের সমস্যা কোথায়?”
আদালতে দীপকের সওয়াল কেন তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তা নিয়ে বিস্মিত এই জিম প্রশিক্ষক। আদালতে তিনি স্পষ্টভাবে জানান, বজরং দলের সদস্যদের অযৌক্তিক দাবির প্রতিবাদ করা কি অপরাধ? তিনি আরও যোগ করেন, “আমরা কোনও বিশেষ রাজনৈতিক দলের অনুসারী নই, আমরা আদর্শকে সম্মান করি। প্রতিটি জিম সদস্যের কাছে হনুমানজি একজন আদর্শ, কারণ তিনি কঠোর পরিশ্রমের প্রতীক।” লড়াইটা অন্য দিক থেকে শুরু হলেও এখন তাঁকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।