সাতসকালে ইডি-র হানা! দুর্গাপুরে বালি মাফিয়া প্রবীর দত্তের বিলাসবহুল বাড়িতে কেন্দ্রীয় বাহিনী

ফের অ্যাকশন মোডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আজ, মঙ্গলবার সাতসকালেই পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায় অভিযান শুরু করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বালি ও কয়লা পাচার কাণ্ডের শিকড় খুঁজতে এবার দুর্গাপুর, পাণ্ডবেশ্বর ও নবগ্রামে হানা দিয়েছে ইডি-র প্রায় ২৫-৩০ জন আধিকারিকের একটি দল।

দুর্গাপুরে ‘বালি মাফিয়া’র বাড়িতে তল্লাশি: এদিন দুর্গাপুরে বালি ব্যবসায়ী তথা অভিযুক্ত মাফিয়া প্রবীর দত্তের বিলাসবহুল বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় বাহিনী বাড়িটি ঘিরে ফেলেছে। সূত্রের খবর, প্রবীর দত্ত গত দুই বছর আগে এই প্রাসাদোপম বাড়িটি তৈরি করেন এবং সম্প্রতি তিনি দুবাই ভ্রমণেও গিয়েছিলেন। তাঁর ভাই এবং আত্মীয়দের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল। প্রথমদিকে আধিকারিকদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হলেও, কেন্দ্রীয় বাহিনী একপ্রকার জোর করেই ভেতরে প্রবেশ করে।

কয়লা পাচারের তদন্তে নবগ্রাম ও পাণ্ডবেশ্বর: অন্যদিকে, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড (ECL)-এর খনি থেকে বেআইনিভাবে কয়লা উত্তোলন ও পাচারের অভিযোগে নবগ্রাম ও পাণ্ডবেশ্বরেও চিরুনি তল্লাশি চলছে। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির রেশ কাটতে না কাটতেই এই নতুন অভিযান জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই পাচার চক্রের জাল কতদূর বিস্তৃত এবং দুবাই যোগের মাধ্যমে টাকা বিদেশে পাচার হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।