জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে আমির খান! প্লেব্যাক ছাড়ার পর গায়কের সঙ্গে কী ‘সিক্রেট’ ডিল মিস্টার পারফেকশনিস্টের?

কলকাতায় রবিবার রাতে পা রাখা থেকেই শুরু হয়েছিল জল্পনা। কিন্তু সোমবার সকালে যখন জানা গেল আমির খান সোজা পৌঁছে গিয়েছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের পৈত্রিক বাড়িতে, তখন কার্যত হইচই পড়ে যায় গোটা রাজ্যে। অরিজিৎ সিংয়ের প্লেব্যাক থেকে হঠাৎ অবসর ঘোষণার পর অনেকেই ভেবেছিলেন গায়ক হয়তো রাজনীতিতে পা দেবেন, কিন্তু আমিরের এই সফর সেই জল্পনায় কার্যত ইতি টানল।
কেন অরিজিতের দুয়ারে আমির? জিয়াগঞ্জের অরিজিতের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আমির খান তাঁর আগামী বড় বাজেটের ছবির জন্য অরিজিৎ সিংকে সঙ্গীত পরিচালনার দায়িত্ব দিয়েছেন। সেই ছবির কাজের পরিকল্পনা এবং গানের রেকর্ডিং পেছিয়ে নিতেই স্বয়ং আমির পৌঁছে গিয়েছেন গায়কের বাড়িতে। বুধবার পর্যন্ত সেখানেই থাকবেন আমির। গায়ক প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেও সুরকার হিসেবে তাঁর যাত্রা যে আরও বড় হতে চলেছে, আমিরের এই সফর তারই প্রমাণ।
মুর্শিদাবাদে আমিরের ‘বাঙালি’ দিনলিপি: কাজের ফাঁকে চুটিয়ে মজা করছেন দুই তারকা। শোনা যাচ্ছে, আমির খান অরিজিতের বাড়ির ছাদে উঠে ঘুড়ি উড়িয়েছেন, এমনকি দাবা খেলায় বাড়ির সবাইকে হারিয়ে দিচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। চেখে দেখছেন খাঁটি বাঙালি খাবারও। জিয়াগঞ্জের রাস্তায় সুপারস্টারকে দেখতে এখন জনসমুদ্র। তবে অরিজিৎ সিং বরাবরই প্রচারবিমুখ, তাই তিনি আড়ালে থাকলেও আমির কিন্তু তাঁর এই সফরের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন।