দালাল স্ট্রিটে ট্রাম্প-মোদী ধামাকা! এক ফোনেই ৪০০০ পয়েন্ট উঠল সেনসেক্স, কোটিপতি বিনিয়োগকারীরা

বাজেটের দিনে যারা মাথায় হাত দিয়ে বসেছিলেন, তাঁদের জন্য মঙ্গলবারের সকাল এল আলাদিনের প্রদীপ হয়ে। ভারত ও আমেরিকার মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতেই ভারতীয় শেয়ার বাজারে দেখা দিল স্মরণাতীত কালের বৃহত্তম উত্থান। বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই সেনসেক্স ৪০০০ পয়েন্ট এবং নিফটি এক ধাক্কায় ১৫০০ পয়েন্টের গণ্ডি ছাড়িয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল।

কেন এই হঠাৎ উত্থান? গত ২ ফেব্রুয়ারি রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপই বদলে দিয়েছে সব হিসেব। মার্কিন শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হওয়ার খবর চাউর হতেই দেশি-বিদেশি বিনিয়োগকারীরা পাগলের মতো শেয়ার কিনতে শুরু করেন। বাজার বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির ফলে ভারতের রপ্তানি বাণিজ্য যে গতি পাবে, তার সরাসরি প্রভাব পড়েছে নিফটি ও সেনসেক্সের সূচকে।

রেকর্ড সূচক ও টাকার দাম বৃদ্ধি: এদিন এনএসই নিফটি ৪.৩২ শতাংশ বা ১০৮৩ পয়েন্ট লাফিয়ে ৮৪,১৫৪-এ পৌঁছয়। সেনসেক্সের সূচকও ৩০০০-৪০০০ পয়েন্টের ঘরে দৌড়চ্ছে। শুধু বড় কোম্পানি নয়, নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ সূচকও ৪ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রা। মার্কিন ডলারের সাপেক্ষে ১ টাকা ১০ পয়সা বেড়ে ভারতীয় টাকার দাম এখন ৯০ টাকা ৪০ পয়সা।

বিনিয়োগকারীদের সুবর্ণ সুযোগ: বাজেটের দিন যারা লাখ লাখ টাকা খুইয়েছিলেন, আজ সেই ক্ষতিপূরণের সেরা দিন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তির ফলে বাজারে বিদেশি বিনিয়োগের (FII) সুনামি আসবে। আজকের এই দিনটি ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে ‘গোল্ডেন টুয়েসডে’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।