রাত ১১টায় দরজায় ধাক্কা! সুইগি এজেন্টের ‘কীর্তি’তে আতঙ্কিত মহিলা, বাড়িতেই নেই নিরাপত্তা?

অনলাইনে মুদিখানা পণ্য অর্ডার করে যে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে, তা স্বপ্নেও ভাবেননি এক মহিলা গ্রাহক। অভিযোগ, রিফান্ড সংক্রান্ত সমস্যার জেরে রাত ১১টার সময় তাঁর ফ্ল্যাটের দরজায় এক সঙ্গীকে নিয়ে হাজির হন সুইগি ইনস্টামার্টের এক ডেলিভারি এজেন্ট। ওই মহিলার দাবি, তিনি আতঙ্কে সিঁটিয়ে গিয়েছিলেন এবং বারবার বলা সত্ত্বেও ওই এজেন্ট তাঁর বাড়ির সামনে থেকে সরতে রাজি হননি।
ঠিক কী ঘটেছিল? মহিলা জানিয়েছেন, তাঁর একটি অর্ডারে সব জিনিস আসেনি। নিয়ম অনুযায়ী তিনি রিফান্ড বা টাকা ফেরতের দাবি জানান। এরপরই ওই ডেলিভারি এজেন্ট তাঁকে ফোন করে সরাসরি টাকা দেওয়ার কথা বলেন এবং তাঁর ব্যক্তিগত নম্বর চান। মহিলা নম্বর দিতে অস্বীকার করলে রাত ১১টা নাগাদ ওই এজেন্ট তাঁর এক বন্ধুকে নিয়ে সোজা পৌঁছে যান মহিলার ফ্ল্যাটের দরজায়। সিসিটিভি এবং চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে মহিলা জানান, ওই এজেন্ট তাঁকে বারবার দরজা খুলে বাইরে আসতে বলছিলেন।
নিরাপত্তারক্ষীর হস্তক্ষেপে মুক্তি: মহিলা ভয় পেয়ে তাঁদের চলে যেতে বললেও ওই এজেন্ট দাবি করতে থাকেন যে, রিফান্ড সমস্যার সমাধান না হলে তিনি তাঁর দিনের পারিশ্রমিক পাবেন না। শেষ পর্যন্ত ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীকে ডাকার হুমকি দিলে তবেই ওই দুই যুবক সেখান থেকে চলে যান। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই ঘটনার কথা জানাজানি হতেই নড়েচড়ে বসেছে সুইগি কর্তৃপক্ষ। তারা মহিলার কাছে দুঃখপ্রকাশ করে অর্ডার আইডি চেয়েছে এবং কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। নেটিজেনরা এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে অনলাইন ডেলিভারি পরিষেবায় মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন।