বিধানসভায় মোদীকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য! কংগ্রেস এমএলসি-র পদত্যাগের দাবিতে রণক্ষেত্র কর্ণাটক

কর্ণাটক রাজনীতিতে উত্তাপ এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর মন্তব্য করার অভিযোগে কংগ্রেস এমএলসি নাসির আহমেদকে অবিলম্বে সংসদ থেকে বরখাস্ত করার দাবি জানাল বিজেপি। এই নাসির আহমেদ আবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার রাজনৈতিক সচিব হিসেবেও কর্মরত। বিধানসভার চেয়ারম্যান বাসভরাজ হোরাত্তির কাছে এই মর্মে একটি কড়া অভিযোগপত্র জমা দিয়েছে গেরুয়া শিবির।

কী ঘটেছিল অধিবেশনে? সোমবার কর্ণাটক বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া যখন বিরোধীদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন, তখনই শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু হয়। অভিযোগ, সেই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই কংগ্রেস সদস্য নাসির আহমেদ প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে কিছু আপত্তিকর শব্দ ব্যবহার করেন। মুহূর্তের মধ্যে সংসদ রণক্ষেত্রের চেহারা নেয়।

বিজেপির কড়া অবস্থান বিরোধী দলনেতা চালবাদী নারায়ণস্বামী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ক্ষোভ উগরে দিয়ে বলেন, “প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এহেন শব্দ ব্যবহার করা রাজনীতির সর্বনিম্ন স্তরের উদাহরণ। নাসির আহমেদ সংসদীয় মূল্যবোধকে জলাঞ্জলি দিয়েছেন।” বিজেপির প্রতিনিধিদল দাবি তুলেছে যে, যতক্ষণ না আহমেদকে বরখাস্ত করা হচ্ছে বা তিনি প্রকাশ্যে ক্ষমা চাইছেন, ততক্ষণ তাদের প্রতিবাদ চলবে।

রেকর্ড থেকে বাদ পড়ল মন্তব্য বিজেপির তীব্র প্রতিবাদের মুখে বিধানসভার চেয়ারম্যান নাসির আহমেদের বিতর্কিত মন্তব্যটি কার্যবিবরণী বা রেকর্ড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। এমনকি তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তাতে কর্ণপাত করেননি। হইহট্টগোলের মধ্যেই ধন্যবাদ প্রস্তাবটি পাশ করিয়ে নিয়ে দিনের মতো অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। তবে সংসদের বাইরেও এই বিতর্ক এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।