একদিনেই ২৩ লক্ষ কোটি লক্ষ্মীলাভ! ট্রাম্প-মোদী ম্যাজিকে উত্তাল দালাল স্ট্রিট, সেনসেক্সে ৪২০০ পয়েন্টের বিস্ফোরণ!

মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারে যা ঘটল, তাকে এক কথায় ‘ঐতিহাসিক’ বললেও কম বলা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বাণিজ্য চুক্তি ও শুল্ক হ্রাসের খবরে বিনিয়োগকারীদের মধ্যে খুশির জোয়ার বয়ে গেছে। সোমবারের রেকর্ড ভাঙা উত্থানের পর আজ বাজার খুলতেই বিস্ফোরক বৃদ্ধি দেখা গেল। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে লগ্নিকারীরা পকেটে পুড়লেন ২৩ লক্ষ কোটি টাকা।
রেকর্ড উচ্চতায় সেনসেক্স ও নিফটি এদিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ৪,২০০ পয়েন্ট লাফিয়ে ৮৩,৯৭৪-এর স্তরে পৌঁছে যায়। পাল্লা দিয়ে বাড়ছে নিফটি-৫০ সূচকও, যা বর্তমানে ২৫,৮১২-এর ঘরে ঘোরাফেরা করছে। এই অভাবনীয় উত্থানের ফলে বিএসই (BSE)-র মোট বাজার মূলধন ৪.৫৫ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ৪.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।
সবুজ সঙ্কেতে আদানি ও আইটি সেক্টর আজকের বাজারে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে আদানি গ্রুপের শেয়ার। আদানি এন্টারপ্রাইজেস প্রায় ৯ শতাংশ এবং আদানি পোর্টস ৭ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ট্রাম্পের জমানায় ভারতের আইটি এবং রিয়েল এস্টেট সেক্টর বড় সুবিধা পাবে—এই আশায় নিফটি রিয়েলটি সূচক ৪ শতাংশের বেশি বেড়েছে। এছাড়া ইনফোসিস, বাজাজ ফাইন্যান্স এবং ডঃ রেড্ডি’স ল্যাবের মতো শেয়ারগুলোও বিনিয়োগকারীদের মালামাল করে দিচ্ছে।
ব্যাঙ্কিং ও অটো সেক্টরে কেনাকাটার ধুম নিফটি ব্যাংক এবং নিফটি প্রাইভেট ব্যাংক সূচক ২.৫ থেকে ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে বাজারকে শক্ত ভিত্তি দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কের এই নতুন মোড় বিদেশি বিনিয়োগকারীদের (FII) ফের ভারতের বাজারে ফিরিয়ে আনছে। শুল্ক কমার ফলে উৎপাদন এবং রপ্তানি খরচ কমবে, যার সরাসরি প্রভাব পড়ছে অটো এবং মেটাল স্টকের ওপর। শেয়ার বাজার এখন পুরোপুরি ‘বুল’ বা ষাঁড়ের দখলে, যেখানে প্রতিটি সেক্টরই লাভের মুখ দেখছে।