যমদূত হয়ে আসছিল বাস, চোখের পলকে সামনে চলে এল একরত্তি! তারপর যা ঘটল… দেখুন হাড়হিম করা ভিডিও

কথায় আছে ‘রাখে হরি মারে কে’। কেরলের কোঝিকোড় জেলার কোড়িয়াঠুর এলাকায় এক শিশুর প্রাণ বাঁচল ঠিক সেইভাবেই। মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি বাসের সামনে হঠাতই ছুটে চলে এসেছিল ওই শিশুটি। কিন্তু বাস চালকের ক্ষিপ্রতা আর উপস্থিত বুদ্ধিতে শেষমেশ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সে। সিসিটিভিতে ধরা পড়া সেই হাড়হিম করা দৃশ্য এখন সমাজমাধ্যমে ভাইরাল।

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিল। রাস্তা পার হয়ে মা আগেই অন্য প্রান্তে চলে গিয়েছিলেন। বাবা অটোরিকশার ভাড়া মেটাতে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে বাবার হাত ছাড়িয়ে মায়ের কাছে যাওয়ার জন্য একছুটে রাস্তার মাঝখানে চলে আসে শিশুটি। ঠিক সেই মুহূর্তেই উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসছিল একটি বাস।

চালকের কেরামতি: বাসটি শিশুটির একদম কাছে চলে এলেও চালক বিন্দুমাত্র সময় নষ্ট না করে কষে ব্রেক ধরেন। বাসটি শিশুটির ঠিক কয়েক ইঞ্চি দূরে এসে থমকে যায়। প্রাণের ভয়ে একরত্তিটি আবার বাবার কাছে ফিরে আসে। চোখের সামনে যমদূতকে দেখেও ফিরে আসা— এমন দৃশ্য দেখে স্তম্ভিত প্রত্যক্ষদর্শীরা। নেটদুনিয়ায় বাস চালককে যেমন কুর্নিশ জানানো হচ্ছে, তেমনই সন্তানদের নিয়ে রাস্তাঘাটে বেরোলে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।