‘আমি জানি ভাই অরিজিৎ কেন গান ছাড়ছে’, বলিউডের নোংরা রাজনীতি নিয়ে বিস্ফোরক পলাশ সেন!

সুরের জাদুকর অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছাড়ার ঘোষণায় যখন গোটা দেশ স্তম্ভিত, ঠিক তখনই আগুনের ঘৃতাহুতি দিলেন জনপ্রিয় ব্যান্ড ‘ইউফোরিয়া’-র প্রধান গায়ক পলাশ সেন। অরিজিতের এই চরম সিদ্ধান্তের নেপথ্যে বলিউডের ‘অন্ধকার রাজনীতি’ এবং ‘একঘরে করার সংস্কৃতি’ দায়ী কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। পলাশ সেনের সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সেই জল্পনাকেই কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

পলাশের অভিজ্ঞতায় অরিজিতের ছায়া: নিজের প্রথম ছবি ‘ফিলহাল’-এর ২৪ বছর পূর্তিতে পলাশ সেন স্মৃতিচারণ করতে গিয়ে জানান, ইন্ডাস্ট্রিতে টিঁকে থাকা কতটা কঠিন। তিনি লেখেন, “২৪ বছর আগে আমাকে সমালোচকরা ধুয়ে দিয়েছিলেন। একজন অভিনেত্রী আমাকে লম্বা বক্তৃতা দিয়ে বলেছিলেন কেন আমার অভিনয় করা উচিত নয়।” অরিজিতের প্রসঙ্গ টেনে তিনি আরও যোগ করেন, “আমি জানি আমার ভাই অরিজিৎ কেন প্লেব্যাক ছাড়ছে। আমি অনেক আগেই ওই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলাম এবং নিজের আলাদা পথ বেছে নিয়েছিলাম। অরিজিৎও এখন সেই পথেই চলবে।”

বলিউডের রাজনীতির শিকার? ২৭ জানুয়ারি অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় নতুন করে কোনো প্লেব্যাক না করার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। যদিও তিনি সরাসরি কোনো কারণ জানাননি, কিন্তু পলাশ সেনের এই পোস্ট ইঙ্গিত দিচ্ছে যে, ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ চাপ এবং সম্ভবত নির্দিষ্ট মহলের বিরূপ আচরণের কারণেই অরিজিৎ এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। কেরিয়ারের মধ্যগগনে থেকে অরিজিতের এই ‘বিদায়’ বার্তা কি তবে বলিউডের কোনো বড় ভাঙনের ইঙ্গিত? উত্তরের অপেক্ষায় সঙ্গীতপ্রেমীরা।