‘হাবড়া আর নিরাপদ নয়!’ জ্যোতিপ্রিয়র বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজনীতি, ২৬-এ কি আসন বদল?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই কি পিছু হটছেন জ্যোতিপ্রিয় মল্লিক? উত্তর ২৪ পরগনার হাবড়া আসন নিয়ে খোদ বিধায়কের মন্তব্যেই এখন এই জল্পনা তুঙ্গে। সম্প্রতি এক সভায় বালু বলেন, “কালের নিয়মে গাইঘাটা ছেড়ে হাবড়ায় এসেছিলাম, আবার হয়তো হাবড়া ছেড়ে অন্য কোথাও যেতে হবে।” প্রাক্তন মন্ত্রীর এই ‘ভবিষ্যদ্বাণী’ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

পরিসংখ্যান বলছে, হাবড়ায় তৃণমূলের পায়ের তলার মাটি বেশ আলগা। ২০২১-এ জ্যোতিপ্রিয় মাত্র ৩,৮৪১ ভোটে জিতলেও গত লোকসভা নির্বাচনে বিজেপি এখানে প্রায় ২০ হাজার ভোটের লিড নিয়েছে। এই প্রতিকূল পরিস্থিতির চাপেই কি আসন বদলের পরিকল্পনা? গেরুয়া শিবিরের দাবি, পরাজয় নিশ্চিত বুঝেই পালানোর পথ খুঁজছেন জেলফেরত নেতা। যদিও বালুর সাফাই, দল যেখানে বলবে সেখানেই লড়বেন তিনি। পাশাপাশি কর্মীদের হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাঁর অনুপস্থিতিতেও যেন ব্যবসায়ীদের ওপর জুলুম না করা হয়।