আমেরিকা থেকে লাইভ সিসিটিভি-তে মায়ের ওপর অত্যাচার দেখল মেয়ে! গাজিয়াবাদে শ্রীঘরে গুণধর ছেলে

প্রযুক্তির কল্যানে সুদূর আমেরিকায় বসেও গাজিয়াবাদে নিজের বৃদ্ধা মায়ের প্রাণ রক্ষা করলেন এক প্রবাসী ভারতীয় তরুণী। বাড়ির সিসিটিভি ক্যামেরায় নিজের ৭০ বছর বয়সী মায়ের ওপর দাদার অমানবিক অত্যাচার লাইভ দেখে শিউরে ওঠেন তিনি। কালবিলম্ব না করে তড়িঘড়ি গাজিয়াবাদ পুলিশকে খবর দেন ওই তরুণী, যার জেরে গ্রেফতার হয়েছে পাষণ্ড ছেলে।
ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সঞ্জয় নগরের। অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ না করা হলেও পুলিশ জানিয়েছে, ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি তার ৭০ বছরের বৃদ্ধা মায়ের সঙ্গে একই বাড়িতে থাকত। পারিবারিক কোনও কারণে ওই ব্যক্তি তার মায়ের ওপর চড়াও হয় এবং তাঁকে মারধর করতে শুরু করে। বৃদ্ধার ঘরে লাগানো সিসিটিভি ক্যামেরার সংযোগ ছিল আমেরিকায় থাকা তাঁর মেয়ের ফোনে। ফোনে নোটিফিকেশন আসতেই ক্যামেরা চেক করে ওই তরুণী দেখেন, তাঁর ভাই নৃশংসভাবে মাকে মারধর করছে।
এই দৃশ্য দেখে আতঙ্কিত মেয়ে সঙ্গে সঙ্গে প্রতিবেশী এবং গাজিয়াবাদের কবি নগর থানার পুলিশকে ফোন করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধাকে উদ্ধার করে এবং অভিযুক্ত ছেলেকে হেফাজতে নেয়। পুলিশের মতে, এই সিসিটিভি ফুটেজটি মামলার প্রধান তথ্যপ্রমাণ হিসেবে গণ্য হবে। এই ঘটনা কেবল পারিবারিক হিংসার নগ্ন রূপই ফুটিয়ে তোলেনি, বরং বিদেশে থাকা আত্মীয়দের জন্য হোম সার্ভিল্যান্স বা নজরদারি ক্যামেরা যে কতটা জরুরি হতে পারে, তাও প্রমাণ করেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশ ও মেয়ের এই তৎক্ষণাৎ পদক্ষেপের প্রশংসা করেছেন। বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।