“তৃণমূলের বাড়ি যাবেন না, ডাকবেনও না!” সামাজিক বয়কটের ফতোয়া দিয়ে বিতর্কে অর্জুন সিং

আগামী বিধানসভা নির্বাচনের আগে ফের স্বমেজাজে ধরা দিলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। এবার সরাসরি তৃণমূল কর্মীদের ‘সামাজিক বয়কটের’ ডাক দিলেন তিনি। উত্তর ২৪ পরগনায় দলীয় কর্মীদের এক সভায় অর্জুন সিং স্পষ্ট নির্দেশ দেন, “তৃণমূল কর্মীদের বাড়িতে কোনো অনুষ্ঠানে যাবেন না, আবার তাঁদের নিমন্ত্রণও করবেন না। ওদের বিরুদ্ধে মনে ঘৃণা পুষে রাখুন।” এখানেই শেষ নয়, আক্রমণাত্মক মেজাজে তিনি আরও বলেন, “ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করতে হবে।”

অর্জুন সিংয়ের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। এর পাল্টা দিয়ে তৃণমূলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য অর্জুন সিংয়ের ঘনঘন দলবদল নিয়ে খোঁচা দিয়েছেন। দেবাংশু বলেন, “উনি নিজে কি পারবেন বয়কট করতে? না কি আবার কয়েকদিন পর তৃণমূলে চলে আসবেন! অমাবস্যা-পূর্ণিমাও অত তাড়াতাড়ি আসে না, যত দ্রুত উনি দলবদল করেন।” দেবাংশু আরও মনে করিয়ে দেন যে অর্জুন সিংয়ের ডান্ডা মানেই আদতে বোমা, এবং পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানান।

২০১৯ সালে বিজেপি, ২০২২-এ তৃণমূল এবং ২০২৪-এর লোকসভা ভোটের আগে ফের বিজেপিতে ফেরা— অর্জুন সিংয়ের এই ‘পলিটিক্যাল ট্র্যাজেক্টরি’ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। তবে অর্জুন সিংয়ের দাবি, এবার মেকি লড়াই নয়, সরাসরি যুদ্ধ ঘোষণা করতে হবে। শাসক দলের পক্ষ থেকে অবশ্য এই মন্তব্যকে উস্কানিমূলক এবং প্ররোচনামূলক বলেই অভিহিত করা হয়েছে।