প্রজাতন্ত্র দিবসের মঞ্চে রানী-দীপ্তির হুঙ্কার! নারীর হাতেই সুরক্ষিত ভারতের ভবিষ্যৎ

২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রাক্কালে এক অনন্য মঞ্চে মুখোমুখি হলেন বলিউডের দাপুটে অভিনেত্রী রানী মুখার্জি এবং ভারতীয় ক্রিকেটের তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা। প্রতিরক্ষা থেকে খেলাধুলা—ভারতের প্রতিটি স্তরে যেভাবে ‘নারী শক্তি’ আজ নেতৃত্ব দিচ্ছে, তাকেই কুর্নিশ জানালেন এই দুই তারকা। তাঁদের মতে, আজকের ভারত আর কেবল অংশগ্রহণে সীমাবদ্ধ নেই, বরং পরিবর্তনের দিশারি হিসেবে সামনে থেকে পথ দেখাচ্ছে।

নিজের অভিনয় জীবনে বারবার প্রতিবাদী নারী চরিত্রে অভিনয় করা রানী মুখার্জি বলেন, “ভারতীয় পতাকা ধারণ করা মানে এক বিরাট দায়িত্ব কাঁধে নেওয়া। আজ নারীরা শুধু সমাজের অংশ নয়, তাঁরা জাতির গতির চালিকাশক্তি। সিনেমা হোক বা বিজ্ঞান, প্রতিরক্ষা হোক বা সংস্কৃতি—সর্বত্রই মেয়েরা আজ সচেতন সিদ্ধান্ত নিচ্ছে।” তিনি আরও যোগ করেন, কোনো জাতি তখনই প্রকৃত অর্থে সুস্থ হয়, যখন তার মেয়েরা সমান অধিকার পায় এবং প্রতিটি অর্থে স্বাধীন থাকে।

অন্যদিকে, ভারতীয় জার্সি গায়ে বিশ্বমঞ্চে তেরঙার প্রতিনিধিত্ব করা দীপ্তি শর্মা আবেগপ্রবণ হয়ে বলেন, “ছোটবেলা থেকে পতাকা দেখে অনুপ্রাণিত হতাম, আর আজ সেই পতাকাকেই বিশ্ব দরবারে তুলে ধরি। আমাদের দেশের প্রতিটি মেয়ের মধ্যে একজন করে যোদ্ধা লুকিয়ে আছে। শৃঙ্খলা আর কঠোর পরিশ্রম থাকলে ভারতের মেয়েরা অসাধ্য সাধন করতে পারে।” প্রজাতন্ত্র দিবসের এই মাহেন্দ্রক্ষণে রানী ও দীপ্তি সম্মিলিতভাবে বার্তা দিলেন যে, মেয়েদের প্রতি বৈষম্য দূর করে তাঁদের সমান সুযোগ দিলে তবেই ভারতের ‘সোনার যুগ’ সার্থক হবে।