জেদ বজায় রাখল বিসিবি, কড়া সিদ্ধান্ত আইসিসি-র! ভারত বিশ্বকাপে বাঘের বদলে খেলবে এই দল

কুড়ি-বিশের বিশ্বকাপের দামামা বাজতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগেই বিশ্ব ক্রিকেটে ঘটে গেল এক মহাপ্রলয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ ক্রিকেট দল। নিরাপত্তার অজুহাতে ভারতকে বয়কট করার খেসারত দিতে হলো টাইগারদের। শনিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) সরকারিভাবে জানিয়ে দিল, বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু গত ২২ জানুয়ারি বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেছিলেন যে, তাঁরা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবেন না। বিসিবি-র দাবি ছিল, ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হোক। আইসিসি বারংবার আলোচনার প্রস্তাব দিলেও বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড় থাকে। এমনকি মুস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ তুলেও নিরাপত্তার অভাবের অজুহাত দেয় বিসিবি।
শুক্রবার দুবাইয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশ যেহেতু ভারতে দল পাঠাতে অস্বীকার করেছে এবং আইসিসি-র দেওয়া ২৪ ঘণ্টার চরম সময়সীমা পার করে দিয়েছে, তাই র্যাঙ্কিং অনুযায়ী তাদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হচ্ছে। পিটিআই সূত্রে খবর, বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুলকে ই-মেলের মাধ্যমে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে আইসিসি। প্রথা লঙ্ঘন করে বিসিবি আগেই সংবাদ সম্মেলনে তাদের ভারত-বিরোধিতার কথা ঘোষণা করায় আইসিসি আরও কঠোর অবস্থান নিয়েছে।
স্কটল্যান্ড এখন বিশ্বকাপের মূল মঞ্চে লড়াই করবে। আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের অভিযান শুরু হবে। ৯ ফেব্রুয়ারি তারা খেলবে ইতালির বিরুদ্ধে এবং ১৪ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বইয়ে নেপালের বিরুদ্ধে খেলবে স্কটিশরা। অন্যদিকে, বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট হাতছাড়া হওয়ায় বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ এখন বড়সড় প্রশ্নের মুখে।