মাত্র ৪৭ বলে ১০৪! বিশ্বকাপ থেকে বাদ পড়েই কি রুদ্রমূর্তি যশস্বী জয়সওয়ালের? ভাইরাল ভিডিও

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন যশস্বী জয়সওয়াল। ভারতীয় দলে এই মুহূর্তে ওপেনিং স্লটে প্রবল কম্পিটিশন থাকায় তাঁর জায়গা হয়নি ১৫ সদস্যের স্কোয়াডে। তবে এই আক্ষেপ যে তাঁর ব্যাটিংয়ে বিন্দুমাত্র প্রভাব ফেলেনি, তার প্রমাণ দিলেন খোদ ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার কেভিন পিটারসনের ইউটিউব শো ‘দ্য সুইচ’-এ। সেখানে পিটারসনের দেওয়া এক কঠিন চ্যালেঞ্জে মাত্র ৪৭ বলে ১০৪ রান করে তাক লাগিয়ে দিলেন এই ভারতীয় ওপেনার।

পিটারসনের চ্যালেঞ্জ ও জয়সওয়ালের তাণ্ডব: কেভিন পিটারসন যশস্বীকে একটি ইউনিক চ্যালেঞ্জ দিয়েছিলেন—৫০ বলে ১০০ রান করতে হবে। তবে শর্ত ছিল দুটি। প্রথমত, প্রতিটি বলের সাথে বোলিং মেশিনের গতি ১ মাইল করে বাড়বে। দ্বিতীয়ত, একবার আউট হলেই মোট স্কোর থেকে ৫ রান কাটা যাবে। ইংল্যান্ডের একটি স্থানীয় মাঠে এই চ্যালেঞ্জ শুরু হয় ৫১ মাইল প্রতি ঘণ্টা গতিতে। জয়সওয়াল শুরু থেকেই হাত খোলা ব্যাটিং শুরু করেন। মাঝপথে দুবার আউট হয়ে ১০ রান কাটা গেলেও দমে যাননি তিনি। শেষ পর্যন্ত ছক্কা মেরে ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

আইপিএলের আগে কড়া বার্তা: যদিও এটি কোনো আন্তর্জাতিক ম্যাচ বা প্র্যাকটিস ম্যাচ ছিল না, তবুও বোলিং মেশিনের গতি সামলে যেভাবে তিনি মাঠের চারদিকে ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন, তাতে মুগ্ধ পিটারসনও। সামনেই আইপিএল, যেখানে রাজস্থান রয়্যালসের ট্রাম্প কার্ড যশস্বী। বিশ্বকাপের দলে জায়গা না হওয়ার জেদ যে তিনি আইপিএলে মেটাবেন, তার আগাম আভাস দিয়ে রাখলেন এই তরুণ তুর্কি।