বিজেপির নতুন অধিপতি কে? আগামীকাল ঘোষণা! মোদীর পছন্দে শিকে ছিঁড়ছে কার ভাগ্যে?

ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক নির্বাচনের মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এসেছে। মঙ্গলবার ২০ জানুয়ারি গেরুয়া শিবির পেতে চলেছে তাদের ১২তম জাতীয় সভাপতি। সোমবারই দলের বর্তমান কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন তাঁর মনোনয়ন পত্র দাখিল করেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নামের প্রস্তাবক হওয়ায় নবীনের সভাপতি হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। তিনি নির্বাচিত হলে জে পি নাড্ডার উত্তরসূরি হিসেবে বিজেপির সর্বকনিষ্ঠ জাতীয় সভাপতির তকমা পাবেন ৪৫ বছর বয়সী এই নেতা।
সাংগঠনিক শক্তির গ্রাফ: বিজেপির ‘সংগঠন পর্ব ২০২৪’-এর অধীনে এই নির্বাচন প্রক্রিয়া একেবারে বুথ স্তর থেকে শুরু হয়ে জাতীয় স্তর পর্যন্ত পৌঁছেছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে:
-
বুথ স্তর: ১০.৭ লক্ষ বুথের মধ্যে ৭.৮ লক্ষেরও বেশি বুথে সভাপতি নির্বাচন সম্পন্ন (৭৪%)।
-
মন্ডল স্তর: ১৭,৭৪৩টি মন্ডলের মধ্যে ৯৩ শতাংশে নির্বাচন শেষ।
-
জেলা স্তর: ১,০৩৬টি জেলার মধ্যে ৯৭৮টিতেই নতুন জেলা সভাপতি কাজ শুরু করেছেন (৯৪%)।
-
রাজ্য স্তর: ৩৭টি সাংগঠনিক প্রদেশের মধ্যে ৩০টিতেই নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচক মন্ডলী ও ভবিষ্যৎ লক্ষ্য: দলের সংবিধান অনুযায়ী, ৫,৭০৮ সদস্যের একটি বিশাল নির্বাচক মন্ডলী এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। যার মধ্যে সংসদীয় দল, জাতীয় পরিষদ এবং প্রদেশ পরিষদের সদস্যরা রয়েছেন। নবনির্বাচিত সভাপতির সামনে প্রধান চ্যালেঞ্জ হবে ২০২৬-এর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরল বিধানসভা নির্বাচন। নীতিন নবীনের মতো তরুণ নেতৃত্বকে সামনে রেখে বিজেপি ২০২৯-এর লোকসভা নির্বাচনের সলতে পাকানো শুরু করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।