“মুসলিম বলে কাজ পাচ্ছেন না?”-এ আর রহমানকে তুলোধোনা তসলিমা নাসরিনের, ফাঁস করলেন আসল সত্য!

বলিউডের ‘মোজার্ট অফ মাদ্রাজ’ এ আর রহমানের একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল বিনোদন দুনিয়া। অস্কারজয়ী এই সুরকারের দাবি ছিল, মুসলিম হওয়ার কারণে গত কয়েক বছর ধরে বলিউডে তিনি কাজ পাচ্ছেন না। রহমানের এই বিস্ফোরক মন্তব্যের প্রেক্ষিতে এবার মুখ খুললেন তসলিমা নাসরিন। দীর্ঘ কয়েক দশক ধরে ভারতে আশ্রিত এই বাংলাদেশি লেখিকা রহমানের দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়ে কড়া আক্রমণ শানিয়েছেন।
তসলিমা নাসরিন তার সোশ্যাল মিডিয়া পোস্টে স্পষ্ট জানান, ভারতে এ আর রহমান অত্যন্ত প্রভাবশালী এবং জনপ্রিয়। তার মতে, যারা ধনী এবং বিখ্যাত, তাদের ধর্ম কখনোই পেশার পথে বাধা হয়ে দাঁড়ায় না। তসলিমা প্রশ্ন তোলেন, যদি ধর্মই বাধা হতো, তবে শাহরুখ খান, সালমান খান বা আমির খানরা দশকের পর দশক বলিউডে রাজত্ব করতে পারতেন না। তিনি বলেন, “রহমান বলিউডের অন্যান্য শিল্পীদের চেয়ে অনেক বেশি পারিশ্রমিক নেন। তাকে হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাই সম্মান করে।”
এর আগে বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান অভিযোগ করেছিলেন যে, গত আট বছরে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে বলিউডের মানসিকতাও বদলেছে। তিনি সরাসরি না বললেও ইঙ্গিত দিয়েছিলেন যে, ধর্মীয় পরিচয়ের কারণেই তাকে কোণঠাসা করা হচ্ছে। তবে রহমানের এই মন্তব্যের বিরোধিতা করেছেন কঙ্গনা রানাউত ও গায়ক শানের মতো তারকারাও। কঙ্গনা তাকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে আক্রমণ করেছেন, অন্যদিকে শান জানিয়েছেন, কাজ না থাকাটা ইন্ডাস্ট্রির স্বাভাবিক নিয়ম, এর পেছনে কোনো ধর্মীয় কারণ নেই।
তসলিমা নাসরিন নিজের জীবনের উদাহরণ টেনে বলেন, প্রকৃত বৈষম্য তাকে সহ্য করতে হয় কারণ তিনি নাস্তিক। তিনি অভিযোগ করেন, মুসলিম নাম হওয়ার কারণে তাকে ফ্ল্যাট ভাড়া দেওয়া হয় না, পশ্চিমবঙ্গ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং হায়দরাবাদে আক্রমণের শিকার হতে হয়েছে। তসলিমার সাফ কথা, “এই ধরনের সমস্যা রহমানের জীবনে কোনোদিন আসেনি। তাই তাকে করুণার পাত্র হিসেবে দেখানো একেবারেই অনুচিত।”