“বিজেপি-কে ভোট মানেই সিপিএম-কে ভোট!” মেদিনীপুরের সভা থেকে ‘রাম-বাম’ তত্ত্ব খাড়া করে তোপ অভিষেকের

মেদিনীপুরের মাটি থেকে বিরোধী শিবিরের দুই প্রধান প্রতিপক্ষ বিজেপি এবং সিপিএম-কে এক সারিতে বসিয়ে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এতদিন তাঁর আক্রমণের কেন্দ্রে মূলত কেন্দ্র ও ভোটার তালিকা সংশোধন থাকলেও, এদিনের সভা থেকে ‘রাম-বাম’ আঁতাঁত নিয়ে সুর চড়ালেন তিনি।

“বিজেপি-কে ভোট মানেই সিপিএম-কে ফেরা” মেদিনীপুরের সভায় অভিষেক দাবি করেন, বর্তমানে বিজেপির নিচের স্তরে কাজ করছে সিপিএমের কর্মীরা। তিনি বলেন, “বিজেপি-কে ভোট দেওয়া মানে আদতে সিপিএম-কেই ভোট দেওয়া। এদের শুধু জার্সি বদল হয়েছে, ভিতরটা একই আছে।” তিনি মেদিনীপুরবাসীকে মনে করিয়ে দেন যে, বাম আমলের অত্যাচার থেকে এই জেলাই মুক্তি এনেছিল। এখন সেই ‘হার্মাদ’রাই বিজেপির ছত্রচ্ছায়ায় সক্রিয় হচ্ছে বলে তাঁর অভিযোগ।

নাম না করে শুভেন্দুকে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি ‘গদ্দার’ সম্বোধন করে অভিষেক বলেন, “২০২০ সালে সিবিআই-এর হাত থেকে বাঁচতে একজন গদ্দার অমিত শাহের পায়ে হাত দিয়ে বিজেপি যোগ দিয়েছিলেন।” তিনি আরও যোগ করেন, মেদিনীপুরের মডেল এখন খুব স্পষ্ট— “নিচে সিপিএমের হার্মাদ, আর উপরে বিজেপির গদ্দার।”

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় আপডেট এদিন শুধু আক্রমণ নয়, উন্নয়নের বার্তাও দিয়েছেন অভিষেক। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি বলেন:

  • রাজ্য সরকার ইতিমতেই এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

  • বিজেপি এই প্রকল্প নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ তাঁর।

  • অভিষেক আশ্বাস দেন, আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সম্পূর্ণ শেষ হবে।

রাজনৈতিক মহলের ব্যাখ্যা: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেদিনীপুরের মতো জায়গায় বাম ভোট যাতে কোনওভাবেই বিজেপির দিকে না যায়, তা নিশ্চিত করতেই এই কৌশল নিয়েছেন অভিষেক। বিজেপি ও সিপিএম-কে একই বন্ধনীতে ফেলে ভোটারদের মেরুকরণ রুখতে চাইছেন তিনি।