১৭ জানুয়ারি হাইভোল্টেজ মালদা ও জলপাইগুড়ি! একই দিনে উত্তরবঙ্গে মোদী-মমতা, তুঙ্গে রাজনৈতিক পারদ

কাল ১৭ জানুয়ারি, শনিবার। উত্তরবঙ্গ কার্যত এক মিনি যুদ্ধক্ষেত্রের রূপ নিতে চলেছে, তবে তা উন্নয়নের লড়াইয়ে। আগামীকাল একই দিনে উত্তরবঙ্গের মাটিতে পা রাখছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে দুই হেভিওয়েটের এই সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা উত্তরবঙ্গ।
প্রধানমন্ত্রীর কর্মসূচি: মালদহে ঐতিহাসিক মুহূর্ত শনিবার থেকে দুই দিনের বঙ্গ সফর শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরের মূল আকর্ষণ মালদহ। আগামীকাল দুপুর ১২টা নাগাদ তিনি মালদার লক্ষ্মণ সেন স্টেডিয়ামে হেলিপ্যাডে নামবেন। সেখান থেকে সরাসরি পৌঁছাবেন মালদা রেল স্টেশনে। মালদহ থেকেই তিনি দেশের প্রথম ‘স্লিপার বন্দে ভারত’ ট্রেনের শুভ সূচনা করবেন। এছাড়া একাধিক নতুন ট্রেনের উদ্বোধন ও রেল প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। এরপর মালদা থানার মোরগ্রাম মাঠে একটি বিশাল জনসভায় ভাষণ দেবেন মোদী।
মুখ্যমন্ত্রীর কর্মসূচি: পর্যটন ও বিচারব্যবস্থায় নতুন দিগন্ত অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারই চার দিনের সফরে উত্তরবঙ্গ পৌঁছে যাচ্ছেন। শুক্রবার মাটিগাড়ায় ১৭.৪১ একর জমিতে নির্মিত দেশের বৃহত্তম মহাকাল মন্দিরের উদ্বোধন করবেন তিনি, যা পর্যটনে নতুন জোয়ার আনবে বলে মনে করা হচ্ছে। শনিবার তাঁর মূল কর্মসূচি জলপাইগুড়িতে। সেখানে দীর্ঘদিনের দাবি মেনে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করবেন তিনি।
নির্বাচনের আগে নতুন বছরের প্রথম মাসেই মোদী-মমতার এই মুখোমুখি কর্মসূচি রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে। প্রশাসনিক মহলে কড়া নজরদারি চালানো হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।