ভোটার তালিকায় মৃতদের নাম! অভিষেক-বিজেপি দ্বন্দ্বে বড় পদক্ষেপ কমিশনের, সময়সীমা বাড়িয়ে কি মাস্টারস্ট্রোক?

নির্বাচন যত এগিয়ে আসছে, ভোটার তালিকায় ‘গরমিল’ নিয়ে শাসক-বিরোধী তরজা ততই তুঙ্গে উঠছে। একদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে একাধিকবার অভিযোগ তুলেছেন যে, কমিশন তালিকায় মৃত ভোটারদের নাম রেখে দিয়ে জালিয়াতির পথ প্রশস্ত করছে। অন্যদিকে, বিজেপি পাল্টা অভিযোগ এনেছে যে, তারা মৃত ও ভুয়া ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ‘ফর্ম ৭’ জমা দিতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ক্রমাগত বাধা দিচ্ছে। এই তীব্র রাজনৈতিক চাপানউতোরের মাঝেই এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

মৃত অথবা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদনের সময়সীমা এক ধাক্কায় বাড়িয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। এর আগে ১৫ জানুয়ারি ছিল আবেদনের শেষ দিন। মনে করা হচ্ছে, গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে হওয়া লাগাতার বিক্ষোভ ও বিডিও অফিস ঘেরাও কর্মসূচির জেরেই পিছু হটতে বাধ্য হয়েছে কমিশন। গতকালই উত্তর ২৪ পরগনার বাগদায় বিডিও অফিসের সামনে কয়েক হাজার ফর্ম ৭ জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তাল হয় এলাকা। বিজেপির অভিযোগ, ফর্ম জমা নিলেও রসিদ দিতে অস্বীকার করছে প্রশাসন।

একই ছবি ধরা পড়েছে বাঁকুড়া এবং আলিপুরদুয়ারেও। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকে প্রায় ২ হাজার বাংলাদেশির নাম ভোটার তালিকায় রয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি, এই নথি জমা দিতে গেলে এআরও (ARO) তা গ্রহণ করতে অস্বীকার করেন। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার আওতায় এই নাম সংশোধনের কাজ চলছে। এই প্রক্রিয়ায় অভিনেতা-সাংসদ দেবও কমিশনের কাছে বিশেষ আর্জি জানিয়েছেন। আপাতত সময়সীমা বাড়লেও, তালিকায় স্বচ্ছতা ফেরে কি না, সেটাই এখন দেখার।