আইপিএল থেকে বাদ পড়ে ক্ষোভ? এবার খোদ বোর্ডের বিরুদ্ধেই যুদ্ধে নামলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বর্তমানে এক নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাতে অস্বীকার করে আইসিসির সঙ্গে সংঘাতে জড়িয়েছে বোর্ড, অন্যদিকে খোদ দেশের সিনিয়র ক্রিকেটারদের বিদ্রোহের মুখে পড়ে স্থগিত হয়ে গেল বিপিএলের হাই-ভোল্টেজ ম্যাচ। আর এই পুরো ঘটনাক্রমের কেন্দ্রে রয়েছেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান।

সংকটের সূত্রপাত বিসিবি পরিচালক নাজমুল হাসানের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। তিনি দাবি করেন, ক্রিকেটারদের পেছনে বোর্ডের খরচ করা লক্ষ লক্ষ টাকা ফেরত দেওয়া উচিত। এই মন্তব্যের প্রতিবাদে ‘বাংলাদেশ ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (CWAB)-এর ব্যানারে বিদ্রোহ ঘোষণা করেন সাকিিব-মুস্তাফিজুররা। তাঁরা বিপিএল বয়কট শুরু করলে লিগের দুটি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয় বোর্ড। আইপিএল থেকে বাদ পড়ার পর মুস্তাফিজুরের এই বিদ্রোহী অবস্থান বিসিবি কর্তাদের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ভারতে তীব্র বিক্ষোভের জেরে বিসিসিআই মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। কলকাতা নাইট রাইডার্স তাঁকে ৯.২০ কোটি টাকায় কিনলেও বর্তমান পরিস্থিতিতে তিনি ব্রাত্য। এরই পাল্টায় বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকার করে ভেন্যু পরিবর্তনের দাবি তুলেছে। ঘরের শত্রু আর বাইরের চাপে বিসিবি এখন কার্যত দিশেহারা।