পাকিস্তানকে হটিয়ে আফগান বাজারে ভারতীয় ওষুধের ধামাকা! ৪ গুণ সস্তায় বাজিমাত ‘মেড ইন ইন্ডিয়া’র

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে দ্রুত বদলাচ্ছে সমীকরণ। একসময় প্রাথমিক প্রয়োজন মেটানোর জন্য পাকিস্তানের ওপর নির্ভরশীল আফগানিস্তান এখন পুরোপুরি সেই দেশটিকে এড়িয়ে চলার পথে। আফগান বাজারের ফার্মেসিগুলোতে এখন পাকিস্তানি ওষুধের বদলে ‘ভারতীয় ওষুধ’-এর জয়জয়কার। সম্প্রতি এক আফগান ব্লগারের সোশ্যাল মিডিয়া পোস্ট এই বড় বদলের ছবিটা সামনে এনেছে।

ফজল আফগান নামে ওই ব্লগার জানান, কাবুলের একটি ফার্মেসিতে তিনি তুরস্কের তৈরি প্যারাসিটামল কিনতে গিয়েছিলেন যার দাম ছিল ৪০ আফগানি। কিন্তু দোকানদার তাঁকে ভারতীয় বিকল্প ব্যবহারের পরামর্শ দেন, যার দাম মাত্র ১০ আফগানি। অর্থাৎ ভারতীয় ওষুধের দাম চার গুণ কম, অথচ কার্যকারিতা তুরস্ক বা পাকিস্তানের ওষুধের চেয়ে অনেক বেশি এবং দ্রুত। এর ফলেই আফগানদের প্রথম পছন্দ হয়ে উঠছে ভারতীয় ব্র্যান্ড।

২০২৪ সাল থেকেই এই পরিবর্তনের শুরু হলেও, ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর মাসে সীমান্ত সংঘর্ষের পর আফগান উপ-প্রধানমন্ত্রী আব্দুল ঘানি বরাদর নিম্নমানের অজুহাতে পাকিস্তানি ওষুধ পুরোপুরি নিষিদ্ধ করেন। পরিবর্তে ভারত, ইরান ও মধ্য এশিয়া থেকে ওষুধ আমদানির নির্দেশ দেন তিনি। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত আফগানিস্তানে ১০৮ মিলিয়ন ডলারের ওষুধ পাঠিয়েছে। সঙ্কটের সময়ে ভারত যেভাবে ৭৩ টন জীবনদায়ী ওষুধ এবং অ্যাম্বুলেন্স পাঠিয়ে সাহায্য করেছে, তা আফগানদের মনে ভারতের প্রতি আস্থা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে জাইডাস লাইফসায়েন্সেসের মতো বড় ভারতীয় সংস্থাগুলো আফগানিস্তানে বিশাল লগ্নি করছে, যা পাকিস্তানের ওষুধ বাণিজ্যকে চিরতরে আফগান বাজার থেকে মুছে ফেলার ইঙ্গিত দিচ্ছে।