গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের ‘মাস্টারস্ট্রোক’! গঠিত হচ্ছে বিশ্বের সবথেকে শক্তিশালী ‘পিস বোর্ড’

ইরানকে কড়া সতর্কবার্তা দেওয়ার রেশ কাটতে না কাটতেই এবার গাজা নিয়ে বড়সড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প গাজার জন্য একটি বিশেষ ‘পিস বোর্ড’ বা ‘শান্তি বোর্ড’ গঠনের কথা জানিয়েছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে মার্কিন-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে একে বর্ণনা করেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প দাবি করেছেন, এটি হতে চলেছে বিশ্বের ইতিহাসে সবথেকে বড় এবং মর্যাদাপূর্ণ বোর্ড।

ট্রাম্প লিখেছেন, “শান্তি বোর্ড গঠনের ঘোষণা দেওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের। সদস্যদের নাম শীঘ্রই জানানো হবে, তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এটিই হবে ইতিহাসের সবথেকে বিশিষ্ট বোর্ড।” জানা গেছে, এই বোর্ডটি নবনিযুক্ত ১৫ সদস্যের ফিলিস্তিনি টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ টিম (PAT)-এর যাবতীয় কাজ তদারকি করবে। যুদ্ধ-পরবর্তী গাজার দৈনন্দিন প্রশাসন পরিচালনা এবং নিরাপত্তা নিশ্চিত করাই হবে এই পর্ষদের মূল লক্ষ্য।

এই পরিকল্পনার অধীনে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী মোতায়েন করা হবে এবং ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে। যদিও আগে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম এই বোর্ডে থাকার কথা ছিল, কিন্তু তীব্র সমালোচনার মুখে তিনি সরে দাঁড়িয়েছেন। ট্রাম্প নিজেই এই বোর্ডের সভাপতিত্ব করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। পরিকল্পনার পরবর্তী ধাপে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং দ্রুত পুনর্নির্মাণ শুরু করার ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।