“শিলিগুড়ি থেকে দিঘা এবার ঘুমিয়ে ঘুমিয়ে!”-উত্তরবঙ্গবাসীর জন্য অত্যাধুনিক ভলভো আনছেন মমতা

উত্তরবঙ্গবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। শিলিগুড়ি থেকে সরাসরি দিঘা যাওয়ার জন্য আর রাত জেগে কষ্ট করতে হবে না। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) রাজ্যের পরিবহণ ব্যবস্থায় এই প্রথম নিয়ে আসছে অত্যাধুনিক স্লিপার ভলভো বাস পরিষেবা। আজ শুক্রবার শিলিগুড়ি থেকে এই ৬টি বিলাসবহুল বাসের ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিগম সূত্রের খবর, ১১ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে মোট ৬টি অত্যাধুনিক স্লিপার বাস কেনা হয়েছে। প্রতিটি বাসে থাকছে ৪০টি আরামদায়ক স্লিপার বার্থ, যা দীর্ঘ যাত্রাপথকে করবে আরও আরামদায়ক। NBSTC-এর চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, “গত বছর আমরা ভলভো সার্ভিস শুরু করেছিলাম, এবার স্লিপার ভলভো চালুর মাধ্যমে পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।” তবে বাসগুলি হাতে পেলেও এখনই পথে নামছে না। নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতি সেরে মার্চ মাস নাগাদ এগুলি যাত্রী পরিষেবা শুরু করবে।
প্রাথমিকভাবে ঠিক হয়েছে, একটি বাস কোচবিহার থেকে, একটি আলিপুরদুয়ার থেকে এবং চারটি বাস শিলিগুড়ি থেকে কলকাতা হয়ে দিঘা পর্যন্ত যাতায়াত করবে। সরকারি উদ্যোগে এই প্রথম স্লিপার ভলভো বাস চালু হওয়াকে উত্তরবঙ্গের পর্যটন ও পরিবহণ ক্ষেত্রে এক বড়সড় বিপ্লব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। শুক্রবার ভোরেই কোচবিহার সেন্ট্রাল টার্মিনাসে বাসগুলি পৌঁছে যাওয়ার কথা।