‘সেবাশ্রয়ে প্যারাসিটামল বিলি হচ্ছে’,-অভিষেকের পাল্টা শুভেন্দুর বিস্ফোরক আক্রমণ!

নন্দীগ্রামের মাটি থেকে সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে তৃণমূলের উদ্যোগে আয়োজিত ‘সেবাশ্রয়’ ক্যাম্প পরিদর্শনে গিয়ে অভিষেক বলেন, “মানুষ সুযোগ দিলে নন্দীগ্রামে প্রতি বছর এই পরিষেবা হবে। কারও বুকের পাটা থাকলে আটকান।” পাল্টাও দিয়েছেন শুভেন্দু। তাঁর কটাক্ষ, “ওই ক্যাম্পে শুধু প্যারাসিটামল আর ওআরএস বিলি হচ্ছে। নন্দীগ্রামের মানুষ অত সস্তা নয়।”

বৃহস্পতিবার নন্দীগ্রামে তৃণমূলের দুটি সেবাশ্রয় ক্যাম্প পরিদর্শনে গিয়ে ডায়মন্ডহারবারের সাংসদ নাম না করে শুভেন্দুকে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, ২০২০ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর গত ৫ বছরে নন্দীগ্রামের জন্য একটি রাস্তাও তৈরি করেননি শুভেন্দু। এমনকি পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে SIR-এর চাপে মৃতদের পরিবারের পাশেও বিরোধী দলনেতা দাঁড়াননি বলে দাবি করেন অভিষেক। তিনি বলেন, “তৃণমূল এখানে হারলেও মানুষের পাশে সবসময় রয়েছে।” পাশাপাশি শুভেন্দুকে লক্ষ্য করে কটাক্ষ ছুঁড়ে দিয়ে তিনি আরও বলেন, “ওষুধ খাবেন না বলছেন কেন? সেবাশ্রয়ে আসুন, মাথার ডাক্তার দেখানোর ফ্রি ব্যবস্থা করে দেব।”

পাল্টা প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বিরোধী দলনেতার এলাকাকে গুরুত্ব দিচ্ছেন দেখে তিনি খুশি। তবে সেখানে গিয়ে নামমাত্র ওষুধ বিলি করে মানুষকে ভোলানো যাবে না। শুভেন্দুর দাবি, নন্দীগ্রামের ৪১টি শহিদ পরিবারের সিংহভাগই অভিষেকের সভায় অনুপস্থিত ছিল। একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকেও আক্রমণ শানিয়ে বলেন, “নন্দীগ্রাম আন্দোলন ছিল বলেই তাঁর পিসিমণি মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন। কিন্তু ২০১২ সালে দেওয়া আইটিআই স্কুল বা শহিদ মিনারের প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি।” নন্দীগ্রামের রাজনৈতিক ভবিষ্যৎ এবং উন্নয়নের দাবিকে কেন্দ্র করে দুই শিবিরের এই বাকযুদ্ধ এখন তুঙ্গে।