ইউটিউব দেখে সিজার! হাতুড়ে ডাক্তারের কাণ্ডজ্ঞানহীনতায় মর্মান্তিক মৃত্যু প্রসূতির

চিকিৎসা বিজ্ঞানের চরম অবমাননা ও অমানবিকতার সাক্ষী থাকল বিহারের ভাগলপুর। ইউটিউব দেখে প্রসূতির অস্ত্রোপচার করতে গিয়ে এক মহিলার জীবন কেড়ে নিলেন এক হাতুড়ে চিকিৎসক। ভাগলপুরের কাহালগাঁও এলাকার একটি বেসরকারি ক্লিনিকে এই শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে। মৃত মহিলা ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও প্রসবের জন্য মায়ের কাছে এসেছিলেন।

পরিবারের অভিযোগ, প্রসব যন্ত্রণা নিয়ে ক্লিনিকে ভর্তি করার পর ওই হাতুড়ে চিকিৎসক জরুরি অস্ত্রোপচারের কথা বলেন। কোনও বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই তিনি মোবাইল ফোনে ইউটিউব ভিডিও দেখে সিজার শুরু করেন। ভুল অস্ত্রোপচারের জেরে প্রসূতির রক্তক্ষরণ শুরু হয় এবং অপারেশন টেবিলেই তাঁর মৃত্যু হয়। যদিও সদ্যোজাত শিশুটি অলৌকিকভাবে বেঁচে গিয়েছে।

ঘটনা বেগতিক দেখে ওই হাতুড়ে চিকিৎসক পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এবং প্রসূতির অবস্থা আশঙ্কাজনক বলে অন্য হাসপাতালে রেফার করে ক্লিনিক বন্ধ করে পালিয়ে যান। এই খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ক্ষুব্ধ পরিজনরা মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান। স্থানীয়দের দাবি, এই অবৈধ ক্লিনিকে আগেও এমন ঘটনা ঘটেছে। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।