ডাবগ্রাম-ফুলবাড়িতে কি কামব্যাক করবেন গৌতম দেব? ২১-এর হারের বদলা নিতে মরিয়া তৃণমূল!

আগামী নির্বাচনে উত্তরবঙ্গের সবথেকে নজরকাড়া কেন্দ্র হতে চলেছে ডাবগ্রাম-ফুলবাড়ি। ২০১১ এবং ২০১৬ সালে এই আসন থেকে জিতে মন্ত্রী হলেও, ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপির শিখা চট্টোপাধ্যায়ের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছিল শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেবকে। তবে এবার ফের এই আসনেই তৃণমূলের বাজি হতে পারেন গৌতম দেব, এমনটাই জোর গুঞ্জন রাজনৈতিক মহলে।
ইতিমধ্যেই এলাকায় কোমর বেঁধে নেমেছে তৃণমূল। স্থানীয় পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলামের নেতৃত্বে ‘উন্নয়নের পাঁচালী’ নিয়ে দুয়ারে দুয়ারে প্রচার শুরু করেছে ঘাসফুল শিবির। গৌতম দেবের দাবি, “আমি মন্ত্রী থাকাকালীন যে উন্নয়ন হয়েছিল, গত ৫ বছরে বিজেপি বিধায়কের আমলে তা থমকে গিয়েছে। মানুষ ভুল বুঝতে পেরেছেন, এবার বিজেপি হারবে।” অন্যদিকে, বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় পাল্টা আক্রমণ শানিয়ে বলেন, “তৃণমূল জমানায় এলাকায় শুধু জমি লুট হয়েছে। মানুষ সব মনে রেখেছে, গৌতম দেব দাঁড়ালে এলাকার মানুষই তাঁকে যোগ্য জবাব দেবে।” হারের ক্ষত মুছে গৌতম দেব কি পারবেন ডাবগ্রাম-ফুলবাড়ি পুনরুদ্ধার করতে? উত্তর দেবে সময়।